আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Rajganj : স্বপ্না বর্মনের বাড়িতে আগুন, পাল্টা অভিযোগে সরগরম রাজগঞ্জ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- রাজগঞ্জে তৃণমূলের পরাজিত প্রার্থী তথা এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘিরে শুরু হয়েছে চাপানউতোর। শুক্রবার রাতে বাড়িতে আগুন লাগার পর শনিবার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করতে এসে স্বপ্না দাবি করেন, ‘আমার ঘনিষ্ঠদের মধ্যেই কেউ আগুন লাগানোর কাজ করেছে।’

অন্যদিকে আগুনের ঘটনার জন্য স্বপ্নার পরিবারের দিকেই আঙুল তুলেছেন তাঁর আত্মীয়-সহ পাড়া প্রতিবেশীরা। তাঁরাও এদিন থানায় এসে পুরো ঘটনার তদন্তের দাবির পাশাপাশি তৃণমূলের পরাজিত প্রার্থীর দুই ভাইকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

শুক্রবার রাতে সোনাজয়ী অ্যাথলিটের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে আগুন লাগে। স্বপ্নার অভিযোগ, নির্বাচনে হারের পর থেকেই তাঁকে এবং তাঁর পরিবারকে নানা ভাবে হুমকির মুখে পড়তে হচ্ছে। এই ধরনের ঘটনা হবে আগে জানলে তিনি রাজনীতিতে আসতেন না বলেও মন্তব্য করেন।

এদিন থানায় এসে স্বপ্না বলেন, ‘কে আগুন লাগিয়েছে আমি দেখিনি। তবে মনে হচ্ছে আমার ঘনিষ্ঠদের মধ্যেই কেউ আগুন লাগানোর কাজ করেছে। আমি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। পুলিশ বলেছে ফরেন্সিক টিম পাঠাবে।’ দল তাঁর পাশে আছে কি না, এই প্রশ্নের উত্তরে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

এদিকে থানায় এসে স্বপ্নার দুই ভাইয়ের গ্রেপ্তারের দাবি করেছেন তাঁর আত্মীয় এবং পাড়া প্রতিবেশীরা। তাঁদের অভিযোগ, পরাজিত প্রার্থীর দুই ভাই এলাকায় অত্যাচার করছে।

স্বপ্নার জেঠু স্বপন বর্মন বলেন, ‘ওরা নিজেরাই আগুন লাগিয়েছে। এখন সবাইকে ফাঁসানোর চেষ্টা করছে। ভোটের আগে স্বপ্নার দাদা এসে আমাদের শাসিয়ে ছিল। বলেছিল, তুমি যদি স্বপ্নাকে ভোট না দাও, তাহলে চার তারিখের পর আমরা বুঝে নেব।’

স্বপ্নার প্রতিবেশী নিতাই বর্মন বলেন, ‘ওই পরিবারের সঙ্গে এলাকার সবার খারাপ সম্পর্ক। কয়েক বছর ধরে আমাদের এলাকায় লাইট জ্বালাতে দেয়নি। কথায় কথায় স্বপ্না পুলিশকে ফোন করত। ফোন করতেই পুলিশ গ্রামের মানুষদের তুলে নিয়ে যেত।’ অন্য এক প্রতিবেশী স্বপন সেন বলেন, ‘স্বপ্নার পুরোনো বাড়ির পাশেই আমি থাকি। অথচ আগুন লাগার বিষয়টি টের পেলাম না। আর হঠাৎ করেই ওই বৃষ্টির মধ্যে আধ কিলোমিটার দূর থেকে স্বপ্না ও ওর ভাই এসে আগুন নেভাল, আর দমকল-পুলিশ সবাই চলে এল। এটা কী ভাবে সম্ভব?’

আগুন লাগার প্রকৃত কারণ খুঁজতে ফরেন্সিক টিম পাঠানোর আশ্বাস দিয়েছে পুলিশ। তবে ঘটনার পর থেকে দু’পক্ষের পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছে রাজগঞ্জের রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *