দিনের শুরুতেই মেট্রো পরিষেবায় বিভ্রাট দেখা যায়
কিউ ইন্ডিয়া বাংলা:- দিনের শুরুতেই মেট্রো পরিষেবায় বিভ্রাট দেখা দেয়। ফের সেই ব্লু লাইনেই সমস্যা। দক্ষিণেশ্বর থেকে বরানগর স্টেশনের মধ্যে মেট্রো চলাচল বন্ধ থাকে। সিগন্যালিংয়ের সমস্যা ছিল বলে মেট্রো সূত্রে খবর। ফলে এই ঘটনায় যাত্রী হয়রানি দেখা দেয়। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ব্লু লাইনের মেট্রো পরিষেবা নিত্যদিনই যাত্রীদের চাপ থাকে। সেই লাইনেই এদিন ফের সমস্যা দেখা দেয়।
সকাল ৮.১৫ মিনিট নাগাদ সিগন্যাল ব্যবস্থায় সমস্যা শুরু হয়। ফলে মেট্রো চলাচলে ব্যাঘাত ঘটে। ঘটনায় দক্ষিণেশ্বর থেকে বরানগর স্টেশন পর্যন্ত পরিষেবা বন্ধ করা হয়। আপ ও ডাউন লাইনে বরানগর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রাখা হয়। এদিকে সকালেই এই মেট্রো চলাচলে বিভ্রাটে নাকাল হতে হয় সাধারণ মানুষদের। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পৌঁছে বহু যাত্রীকেই অপেক্ষা করতে হয়। পরিষেবা কখন স্বাভাবিক হবে, সেই অপেক্ষায় না থেকে অনেক যাত্রীই অন্যান্যভাবে গন্তব্যে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। মেট্রো পরিষেবায় বিভ্রাটের জন্য ক্ষোভও তৈরি হয় যাত্রীদের মধ্যে। সিগন্যাল ব্যবস্থা ঠিক করার জন্য দ্রুত কাজ শুরু করেন ইঞ্জিনিয়াররা। বেশ কিছু সময় পরে সিগন্যাল ঠিক হয়। ফের দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত পরিষেবা স্বাভাবিকভাবে শুরু হয়। চলতি মাসেই একাধিকবার মেট্রো পরিষেবায় সমস্যা দেখা দিয়েছে।
