আজকের দিনেতিলোত্তমা

‘রেফার’ ও দালাল চক্র রুখতে জিরো টলারেন্স! লাইভ মনিটরিংয়ে নবান্ন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা ও বিধাননগর: রাজ্যের সরকারি হাসপাতালগুলির দীর্ঘদিনের ব্যাধি ‘রেফার রোগ’ ও দালাল চক্র নির্মূল করতে এবার বেনজির কড়া পদক্ষেপের কথা ঘোষণা করল রাজ্যের নতুন বিজেপি সরকার। স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে প্রশাসন যে ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতার নীতি নিয়ে চলছে, তা শনিবার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলা হাসপাতালগুলির অনিয়ম রুখতে এবার সরাসরি স্বাস্থ্য ভবন থেকে ‘লাইভ মনিটরিং’ এবং ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলার মেগা ঘোষণা করলেন তিনি।

একই সঙ্গে, শনিবার কেন্দ্রের মোদী সরকারের সহযোগিতায় রাজ্যজুড়ে বিনামূল্যে সারভাইক্যাল ক্যানসারের টিকাকরণ কর্মসূচিরও আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী।

 সিসিটিভি-তে সরাসরি নজরদারি! চালু হচ্ছে বিশেষ কন্ট্রোল রুম

স্বাস্থ্য পরিকাঠামোয় স্বচ্ছতা আনতে এবং রোগীদের হয়রানি বন্ধ করতে মুখ্যমন্ত্রী একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা জানান। তিনি স্পষ্ট করে দেন, ঘরের ভেতর বসে আর ফাঁকি দেওয়া চলবে না।

  • লাইভ মনিটরিং: স্বাস্থ্য ভবনে একটি আধুনিক সেন্ট্রাল কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে। সেখান থেকে রাজ্যের সমস্ত জেলা হাসপাতালের ওপর সরাসরি ও লাইভ নজরদারি চালানো হবে।

  • পেশাদার কর্মী নিয়োগ: এই লাইভ মনিটরিংয়ের দায়িত্বে থাকবেন তথ্যপ্রযুক্তি ও অন্যান্য বিষয়ের পেশাদার কর্মীরা।

  • কড়া নজর: হাসপাতালে ডাক্তাররা ঠিক সময়ে ডিউটি করছেন কি না, রোগীরা সঠিক পরিষেবা পাচ্ছেন কি না, চত্বরে দালালদের দৌরাত্ম্য রয়েছে কি না, এমনকি হাসপাতালের ভেতরে কুকুর-বিড়াল ঘুরে বেড়াচ্ছে কি না— সবটাই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে লাইভ স্ক্রিনে ধরবেন নবান্নের আধিকারিকরা।

মুখ্যমন্ত্রী সাফ জানান, গাফিলতি বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই রোগী রেফারের অভিযোগে কলকাতা মেডিকেল কলেজের এমএসভিপি (MSVP)-র বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও উদাহরণ টানেন তিনি।

 একই দিনে জোড়া উপহার: ক্যানসার টিকা ও এসএসকেএম-এ ১০০ বেড

শনিবার বিধাননগর হাসপাতাল থেকে রাজ্যজুড়ে কিশোরীদের জন্য বিনামূল্যে সারভাইক্যাল ক্যানসার প্রতিরোধী টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি কলকাতার পিজি বা এসএসকেএম হাসপাতালে নবনির্মিত ১০০ শয্যার  একটি অত্যাধুনিক ইউনিটেরও উদ্বোধন করেন তিনি।

 ৩ সপ্তাহের কাজের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী

ক্ষমতায় আসার পর মাত্র তিন সপ্তাহের মধ্যেই স্বাস্থ্য দপ্তরের ভোলবদল করতে নতুন সরকার কী কী কাজ করেছে, তার একটি সংক্ষিপ্ত খতিয়ানও এদিন তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন,  রাজ্যজুড়ে কিশোরীদের সুরক্ষায় বিনামূল্যে টিকাকরণ যজ্ঞ শুরু হল। পাশাপাশি এসএসকেএম হাসপাতালে আরও ১০০টি নতুন বেডের সংযোজন করা হল। এছাড়া রেফার দমনে অ্যাকশন নিতে ভবিষ্যতে রোগী রেফারের অভিযোগে কলকাতার শীর্ষ হাসপাতালের MSVP-র বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। শুধু রোগী রেফারই নয় দুর্নীতিত ও হাসপাতাল থেকে দালাল চক্রের শিকড় উপড়ে ফেলতে ২৪ ঘণ্টার লাইভ মনিটরিং সিস্টেম চালু হচ্ছে বলে এদিন জানান তিনি।
মুখ্যমন্ত্রীর এই কড়া অবস্থান এবং সরাসরি মনিটরিংয়ের সিদ্ধান্ত রাজ্যের আমজনতার সরকারি চিকিৎসা পাওয়ার পথকে অনেকটাই মসৃণ করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *