আজকের দিনেআবহাওয়াতিলোত্তমাবাংলার আয়না

Weather : সকাল থেকেই মেঘলা আকাশ, ভিজছে শহর। আজ সারাদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- সপ্তাহের প্রথম কাজের দিনেই বৃষ্টি ভেজা সকাল। সকাল থেকেই মেঘলা আকাশ, সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। মাঝে মাঝে মুষলধারায় দু-এক পশলা আর দমকা বাতাস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, নিম্নচাপের জেরে আজও দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে পশ্চিমবঙ্গের উপর দিয়ে একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপকূলে যে নিম্নচাপটি ছিল সেটি শক্তি বৃদ্ধি করে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপটি ওডিশা উপকূলের দিকে এগোচ্ছে। এর প্রভাবেই গতকাল রাত থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে এবং তা আজও চলবে।

কলকাতায় আজকের আবহাওয়া:
আজ সারাদিন কলকাতার আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও জোরে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ তাপমাত্রা কিছুটা কমে সর্বোচ্চ ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রির আশেপাশে থাকবে। রবিবার সকাল সাড়ে ছ’টা থেকে সোমবার সকাল সাড়ে ছ’টা পর্যন্ত শহরে ১.৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় কী অবস্থা:
নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া:
উত্তরবঙ্গেও আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। নিচু এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

মৌসুমি নিম্নচাপের কারণে আজ গোটা বাংলাতেই বৃষ্টির দাপট থাকবে। অফিস-আদালত বেরোনোর আগে ছাতা সঙ্গে রাখুন। নদী সংলগ্ন এলাকা এবং শহরের নিচু জায়গায় জল জমতে পারে। আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *