আজকের দিনেআবহাওয়াতিলোত্তমাবাংলার আয়না

Weather : বিকেলে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি , সতর্কতা কোন কোন জেলায় ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক :- গরমে নাজেহাল পশ্চিমবঙ্গবাসী তারই মধ্যে স্বস্তির খবর নিয়ে এসেছে আবহাওয়া দফতর। বুধবার কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হওয়ায় তাপমাত্রা খানিকটা কমলেও ভ্যাপসা গরমের অস্বস্তি এখনও কাটেনি। তবে বৃহস্পতিবারও রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়াবিদদের মতে, পূর্ব বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি শক্তিশালী অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশের উপরেও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে। এই দুই আবহাওয়াগত কারণেরই রাজ্যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দিনের বেলায় রোদের দেখা মিললেও দুপুর গড়াতেই মাঝে মাঝে আকাশে মেঘ ভেসে বেড়াবে। বিকেলের পর থেকে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অনেক জায়গায় ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। ফলে বিকেলের পর এই সমস্ত এলাকায় ঝড়-বৃষ্টি নিয়ে সাবধানতা জারি করা হয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষার প্রবেশ ঘটেছে, ফলে সেখানে বৃষ্টির দাপট আরও বেশি। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবারের পর থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *