স্বস্তির বৃষ্টিতে ভিজল তিলোত্তমা, সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- প্রবল গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসীকে অবশেষে স্বস্তি দিল বৃষ্টি। বুধবার বিকেল থেকেই কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। সঙ্গে ঘণ্টায় ৭০-৮০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও তুমুল বজ্রপাত। বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই বুধবার বিকেল সাড়ে তিনটে থেকে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে বজ্রপাত-সহ ভারী বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হতে পারে দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদেও। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে । বৃষ্টির ফলে তাপমাত্রা তাৎক্ষণিকভাবে কমে সাময়িক স্বস্তি মিলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
মঙ্গলবারই উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। দক্ষিণবঙ্গেও দিন কয়েকের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বর্ষা ঢুকবে। গত সপ্তাহের শেষ থেকেই দক্ষিণবঙ্গে চলছে প্রাক-বর্ষার বৃষ্টি।
উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি এবং ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে।
প্রাক-বর্ষার এই ভারী বৃষ্টিতে গরম থেকে সাময়িক মুক্তি পেল দক্ষিণবঙ্গ। তবে লাল সতর্কতার কারণে আবহাওয়া দপ্তর সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকুন এবং প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না। আগামী কয়েকদিন রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে।
