এবার এনডিএ বৈঠকে ঝালমুড়ি, খেলেন প্রধানমন্ত্রী আর পরিবেশনকারী শুভেন্দু
কিউ ইন্ডিয়া বাংলা:- বাংলার ঝালমুড়ি এখন ব্র্যান্ড! ঝালমুড়িকে বিশ্বের দরবারে তুলে ধরতে কোনও কসুর ছাড়ছে না বিজেপি। এদিন এনডিএ বৈঠকে এনডিএ নেতাদের মধ্যে দেদার সেই ঝালমুড়ি খাওয়া চলল। যা প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে শেয়ার হয়েছে। যেখানে দেখা যাচ্ছে টেবিলের উপর একটি বড় পাত্রে রাখা রয়েছে ঝালমুড়ি। আর সেই ঝালমুড়ি নিজে হাতে পরিবেশন করছেন স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তৃপ্তি করে সেই ঝালমুড়ি খাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ঝালমুড়ি খাওয়ার সারিতে রয়েছেন বিজেপি নিতিন নবীন থেকে চিরাগ পাসোয়ান। এছাড়াও রয়েছেন অন্যান্য নেতারা। ঝালমুড়ি হাতে নিয়ে সকলের মুখেই তৃপ্তির হাসি।
উল্লেখ্য, ভোট প্রচারে ঝাড়গ্রামে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখান থেকেই বাংলার ঝালমুড়ি যেন নতুন রূপ পেয়েছে। ভোট প্রচারে শেষে হঠাৎ করেই প্রধানমন্ত্রীর কনভয়ে দাঁড়িয়ে গিয়েছিল একটি স্টেশনারি দোকানের সামনে। গাড়ি থেকে সটান সেই দোকানের সামনে চলে আসেন প্রধানমন্ত্রী। আর বিক্রেতার সঙ্গে গল্পজুড়ে দেন। সেখানেই তিনি ঝালমুড়ি খাওয়ার ইচ্ছা পোষণ করেন। এবং সেই দোকানে দাঁড়িয়ে তিনি ঝালমুড়ি খানও। বিক্রেতার সঙ্গে রসিকতাও করেন প্রধানমন্ত্রী। বিক্রেতা যখন প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন কিনা তিনি পেঁয়াজ খান কিনা, তখন নরেন্দ্র মোদির জবাব ছিল খান। লোকের মাথা খান না। প্রধানমন্ত্রীকে এইভাবে ঝালমুড়ি খাওয়া দেখে আশেপাশের মানুষও উৎসাহ ভরে এগিয়ে আসেন। তবে ভোটের আগে প্রধানমন্ত্রীর এই ঝালমুড়ি খাওয়াকে কাজে লাগিয়ে কটুক্তি করতে ছাড়েনি প্রাক্তন সরকার। কটুক্তির জবাবে প্রধানমন্ত্রীর জবাব ছিল, ‘ঝালমুড়ি আমি খেলাম, আমি ঝাল লাগলো ওদের’।
তবের প্রধানমন্ত্রীর এই ঝালমুড়ি খাওয়া দ্রুত সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়। এর পর বিজেপির জয়ের পরেই জেলায় জেলায় ঝালমুড়ি পার্টি। বিজেপির প্রায় শিবির করে ঝালমুড়ি বিতরণ করতে থাকে। আর ঝালমুড়ি খাওয়া নিয়ে মানুষের মধ্যেও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এবার সেই ঝালমুড়ির সম্মান আরও বেড়ে গেল। ঝালমুড়ি খাওয়া চলল এনডিএ বৈঠকেও। বাংলার ‘ঝালমুড়ি’ কী ব্র্যান্ডের তকমা পাবে সেটাই এখন দেখার।
