WB Govt. Budget 26 : রাজ্যে বিজেপি সরকারের প্রথম বাজেট আজ, কী প্রত্যাশা উত্তরবঙ্গবাসীর ?
কিউ ইন্ডিয়া বাংলা , কলকাতা – সোমবার দুপুর ২টোয় বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, শিক্ষা ও উত্তরবঙ্গের পরিকাঠামো নিয়ে কী ঘোষণা থাকে, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। বিশেষ করে চা-বাগান খোলা, সেবকের দ্বিতীয় সেতু ও ছয় লেনের সড়ক নিয়ে বড় প্রত্যাশা উত্তরবঙ্গের।
মন্ত্রিসভার বৈঠকের পর আজ বাজেট পেশ করবেন স্বপন দাশগুপ্ত। শুভেন্দু অধিকারী সরকারের প্রথম বাজেট ঘিরে প্রত্যাশার পারদ তুঙ্গে। গত কয়েক মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাফিয়ে বেড়েছে, চাপে মধ্যবিত্ত। তাই বাজারদর নিয়ন্ত্রণে বাজেটে সুনির্দিষ্ট দিশার দাবি উঠেছে। একইসঙ্গে সরকারি স্কুলের পরিকাঠামো, শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে বড় বরাদ্দ চাইছেন অভিভাবক ও শিক্ষামহল। শিক্ষক বিকাশ দে সরকার, অভিভাবক প্রসেনজিৎ দত্তদের মতে, উন্নত শিক্ষা ব্যবস্থা গড়তে দীর্ঘমেয়াদি পদক্ষেপ জরুরি।
উত্তরবঙ্গের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বন্ধ চা-বাগান ও শ্রমিকদের দুর্দশা। মুখ্যমন্ত্রী সম্প্রতি বন্ধ বাগান খোলার আশ্বাস দিয়েছেন। ডুয়ার্সের অমিত মজুমদার, রানা রায়দের দাবি, চা-শিল্প বাঁচাতে উৎপাদন বৃদ্ধি ও শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে বিশেষ প্যাকেজ চাই। এই খাত উত্তরবঙ্গের অর্থনীতির ভিত্তি হওয়ায় বাজেটে আলাদা গুরুত্বের দাবি উঠছে। পাশাপাশি নতুন শিল্প, বিনিয়োগ ও সরকারি-বেসরকারি ক্ষেত্রে চাকরির সুযোগ বাড়াতে স্পষ্ট রূপরেখা চাইছে যুব সমাজ। তাঁদের মতে, কর্মসংস্থানই অর্থনীতির চাবিকাঠি।
পরিকাঠামোর দিকেও নজর উত্তরবঙ্গের। যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজাতে সেবকে দ্বিতীয় সেতু ও প্রস্তাবিত ছয় লেনের সড়ক প্রকল্প দ্রুত রূপায়ণের দাবি জোরালো। স্থানীয়দের মতে, এতে পরিবহণ, বাণিজ্য ও পর্যটন— তিন ক্ষেত্রেই গতি আসবে।
নতুন সরকারের প্রথম বাজেট হিসেবে এদিনের ঘোষণাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা কতটা পূরণ হয়, মূল্যবৃদ্ধি থেকে বেকারত্ব, চা-বাগান থেকে উত্তরবঙ্গের উন্নয়ন— সব প্রশ্নের উত্তর মিলবে দুপুর ২টোয়। স্বপন দাশগুপ্তের ঝুলিতে কী চমক থাকে, এখন সেদিকেই নজর গোটা রাজ্যের।
