Weather : দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের সতর্কতা, কোন কোন জেলায় বেশি প্রভাব পড়তে পারে ?
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক :- বর্ষা পুরোপুরি আগমনের আগেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবারও ঝড়বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কার কথা জানাল আবহাওয়া দফতর। আজ সোমবার ২২ জুন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং হাওড়া জেলায় বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা।
কী বলছে আবহাওয়া দফতর?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ ২২ জুন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
যেসব জেলায় বেশি সতর্কতা
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম,নদিয়া সহ হাওড়া এই জেলাগুলিতে সাধারণ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গতকাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল ঝড়বৃষ্টি হয়েছে। অনেক জায়গায় জল জমা, যানজট এবং বিদ্যুৎ বিভ্রাটের মতো সমস্যার মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। সেই পরিস্থিতির রেশ কাটতে না কাটতেই নতুন করে আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে,ফলে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থেকে সাময়িক স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে বৃষ্টির পরিমাণ আরও বেশি হতে পারে।
আবহাওয়া দপ্তরের নির্দেশ অনুযায়ী,বজ্রপাতের সময় খোলা মাঠে বা গাছের নিচে আশ্রয় নেবেন না।প্রয়োজন ছাড়া ঝড়ের সময় বাইরে বের না হওয়ার কথাও বলা হয়েছে।বিদ্যুৎ সংক্রান্ত যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।
