US Military Operation : জর্ডনে হামলার জবাব: ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন সামরিক অভিযান, নিহতের আশঙ্কা !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- জর্ডনে মার্কিন ঘাঁটিতে হামলার ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা জবাব। ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে ইরানের দক্ষিণাঞ্চলে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালাল মার্কিন সেনা। কেশম দ্বীপ ও বুশেহর শহরে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।
মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রত্যাঘাত হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। গত মঙ্গলবার জর্ডনের একটি মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। শেষ মুহূর্তে সেই হামলা প্রতিহত করে আমেরিকা।
এরপরই কড়া প্রতিক্রিয়া দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “আমরা ওদের পিটিয়ে ছাতু বানিয়ে ছাড়ব। ভয়ংকর আঘাত হানব।”
সেই হুঁশিয়ারির পর বৃহস্পতিবার ভোরে ইরানে হামলা শুরু হয়। ইরানি সংবাদমাধ্যমের দাবি, হরমুজ প্রণালীর কেশম দ্বীপে তিনটি বিস্ফোরণ হয়েছে। দ্বীপের একটি জনবহুল এলাকাতেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। একইসঙ্গে বিস্ফোরণে কেঁপে উঠেছে বুশেহর শহর।
গত সপ্তাহ থেকে ইরানে সামরিক অভিযান বন্ধ রেখেছিল আমেরিকা। জর্ডনের ঘটনার পর ফের শুরু হল অভিযান। স্থানীয় সূত্রে একাধিক মৃত্যুর আশঙ্কা করা হলেও সরকারিভাবে এখনও সংখ্যা জানায়নি কোনও পক্ষ।
জর্ডন থেকে শুরু হয়ে সংঘাত এখন সরাসরি ইরানের মাটিতে। মার্কিন পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। ইরান এর জবাবে কী পদক্ষেপ নেয়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
