ভগবানপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী পেলেন এন আই এর নোটিশ
কিউ ইন্ডিয়া বাংলা :- সদ্য নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন ভগবানপুরে তৃণমূল প্রার্থী মানব পড়ুয়া। কিন্তু এরপর তিনি পেলেন এন আই এর নোটিশ । গত ৩০ শে মার্চ তাকে এই নোটিশ পাঠানো হয়েছে । এর আগে তাকে বেশ কয়েকবার নোটিশ দেওয়া হলেও তিনি প্রত্যেকবার হাজিরা এড়িয়ে গিয়েছিলেন । তাই আবার একবার তাকে নোটিশ পাঠালো এনআইএ।
প্রসঙ্গত বিগত ২০২২ সালের ২ ডিসেম্বর ভগবানপুরের নারুয়াভিলাতে ভয়াবহ এক বিস্ফোরণ ঘটেছিল । যার জেরে মৃত্যু হয়েছিল তিনজনের । ঘটনায় নাম জড়িয়ে ছিল এলাকার তৃণমূলের অন্যতম হেভিওয়েট নেতা মানব পড়ুয়ার । সূত্রের খবর তারপর থেকেই বছরখানেক তিনি বেপাত্তা ছিলেন । জানা গিয়েছিল আদালতের নির্দেশে তিনি জামিন পেয়েছিলেন । কিন্তু এবার পুরানো সেই মামলায় ফের তাকে নোটিশ দেওয়া হল । আজ ২ এপ্রিল সকাল ১১ টায় তাকে নিউটাউনে এনআইয়ের দপ্তরে তদন্তকারী ডেপুটি পুলিশ সুপার মর্যাদার এক আধিকারিকের সামনে তাকে হাজিরা দিতে বলা হয়েছে।
ঘটনা প্রসঙ্গে মানব পড়ুয়ার বক্তব্য , ২০২২ সালে যে বিস্ফোরণের ঘটনার কথা বলা হচ্ছে সেই দিন তিনি তার ধারে কাছে ছিলেন না । তবে তদন্ত সহযোগিতা করতে তিনি এনআইএ দপ্তরে হাজিরা দিতে যাবেন। নির্বাচন আবহে একজন প্রার্থীর এনআইএ নোটিশ পাওয়ায় স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতিতে কিঞ্চিত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।
