পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মর্মান্তিক মৃত্যু, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন
কিউ ইন্ডিয়া বাংলা- ভারতের পর এবার পাকিস্তান। লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধসে মৃত্যু ১৪ শিশুর। একটি বেসরকারি কোচিং সেন্টারের এই ঘটনায় সন্তান হারানোর হাহাকার অভিভাবকদের। পাঁচজন গুরুতর আহত হয়েছে। বুধবার ১ জুলাই এই খবর জানিয়েছে স্থানীয় প্রশাসন। লাহোরের উপকণ্ঠ কাহনা এলাকার একটি প্রাইভেট টিউশন সেন্টারে এই দুর্ঘটনাটি ঘটে। দেশটির জরুরি উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ এর মুখপাত্র ফারুক আহমেদ জানিয়েছেন, যে বিকেল চারটা ৪৫ মিনিটে তারা দুর্ঘটনার খবর পান এবং এক ঘণ্টার মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন করেন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া শিশুদের অধিকাংশের বয়সই সাত থেকে এগারো বছরের মধ্যে। এই ঘটনায় একটি উচ্চ পর্যায়ের তদন্ত গঠনের নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
এই ঘটনায় মালিকসহ পাঁচজনকে আটক করা হয়েছে। জহির নামের ৪৫ বছর বয়সী এক স্থানীয় বাসিন্দা জানান যে, দুর্ঘটনার সময় ঘরের চালের ওপর মেরামতের কাজ চলছিল এবং সেখানে অতিরিক্ত ওজনের টাইলস রাখার কারণেই জরাজীর্ণ ছাদটি হঠাৎ কোমলমতি শিক্ষার্থীদের ওপর ভেঙে পড়ে।
এই মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এক সরকারি বার্তায় তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং আহত শিশুদের দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন। পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরাঙ জানান, দুর্ঘটনার পর ১৯ জন শিশুকে কাহনা তহসিল সদর (টিএইচকিউ) হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে ১৪ জনই মারা গেছে।
