আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

ডিম ছুড়ছে জনতা, ‘মন্দের ভাল, ইট তো মারছে না’, তৃণমূলকে বিঁধলেন মন্ত্রী দিলীপ ঘোষ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা :- রাজ্যে পালাবদলের পর থেকেই দিকে দিকে আছড়ে পড়ছে জনরোষ। দুর্নীতি-তোলাবাজির দায়ে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতাদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে পচা ডিম, টমেটো, লেপে দেওয়া হচ্ছে গোবর। এই প্রসঙ্গেই এবার তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। তাঁর মন্তব্য, ‘এতদিন ওরা নোট খেয়েছে, এখন ডিম খাচ্ছে। ২১ জুলাই এলেই ডিমভাত হতো। এখন ভাত নেই, ডিম রান্না করার সুযোগ নেই। কাঁচা ডিমই খেতে হচ্ছে।’

প্রসঙ্গত, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ। রোজই দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন কোনও না কোনও তৃণমূল নেতা। গ্রেপ্তারের পর আদালতে নিয়ে যাওয়ার সময় তাঁদের লক্ষ্য করে পচা ডিম, টমেটো ছুড়ছেন বিক্ষোভকারীরা।

সর্বশেষ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। তোলাবাজির অভিযোগে তাঁকে গ্রেপ্তারের পর থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় প্রবল জনরোষের মুখে পড়েন এককালের এই দাপুটে তৃণমূল নেতা। তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় পচা ডিম, টমেটো। গায়ে লেপে দেওয়া হয় গোবর। তোলাবাজির একাধিক অভিযোগ তুলে সরব হন স্থানীয়রা। বিধাননগর মহকুমা আদালত সব্যসাচী দত্তকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। শুনানির পর আদালত থেকে বের করার সময় ফের ডিম ছোড়েন বিক্ষোভকারীরা।

এই ঘটনা নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘হরিণঘাটার ডিমের দাম বাড়ছে, ডিমান্ড বাড়ছে। এখন বলছে ভাল ডিমের চেয়ে পচা ডিমের দাম নাকি বেশি। পাওয়া যাচ্ছে না। টিএমসি নেতৃত্বকে কাঁচা ডিম খেতে হবে সেটা কে জানত। এরা যে অত্যাচার-অনাচার করেছে এতদিন ধরে, প্রত্যেকটা মানুষ ক্ষেপে ছিল। মানুষ যে যেমনভাবে করছে, যাই হোক, ইট তো মারছে না। এটা মন্দের ভাল, ডিম মারছে। ঘায়েল হবে না।’

বাংলায় রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দুর্নীতির অভিযোগে একের পর এক তৃণমূল নেতা-প্রাক্তন মন্ত্রী গ্রেপ্তার হচ্ছেন। আর প্রতিবারই গ্রেপ্তারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে তাঁদের সামনে পড়তে হচ্ছে জনরোষের মুখে। পচা ডিম-টমেটো ছোড়ার ঘটনা এখন রাজ্য রাজনীতিতে নতুন প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে। এই আবহেই দিলীপ ঘোষের ‘ইট তো মারছে না, মন্দের ভাল’ কটাক্ষ রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *