Shobhan Dev : বিরোধী দলনেতা হতে গিয়ে জটে শোভনদেব, স্বীকৃতি না পেয়ে আরটিআই বর্ষীয়ান বিধায়কের !
কিউ ইন্ডিয়া বাংলা :- ১৫ বছর পর বিধানসভায় বিরোধী আসনে বসছে তৃণমূল। দলের তরফে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নামও ঘোষণা হয়েছে। কিন্তু নাম ঘোষণার পরও স্বীকৃতি মেলেনি তাঁর। কেন এই জটিলতা? জানতে আরটিআই করলেন বালিগঞ্জের বিধায়ক।
গত ৪ মে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়। ফল ঘোষণার কয়েকদিন পরই দলের তরফে জানানো হয়, বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্ব সামলাবেন। এরপর তৃণমূলের তরফে চিঠি দিয়ে বিধানসভার সচিবালয়কে বিষয়টি জানানো হয়।
কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়ের অভিযোগ, চিঠি দেওয়ার পরও তাঁকে এখনও বিরোধী দলনেতার স্বীকৃতি দেয়নি বিধানসভা। কারণ হিসেবে তিনি জানান, স্পিকার রথীন্দ্রনাথ বসু তৃণমূলের ৮০ জন বিধায়কের সই করা দলের রেজুলেশন চাইছেন।
শোভনদেবের দাবি, “চিঠি দেওয়ার পর রেজুলেশন দেওয়ার প্রয়োজন হয় না। সেটা দলের ব্যক্তিগত সম্পত্তি।” তাঁর অভিযোগ, এই রেজুলেশন জমা না দেওয়াতেই স্বীকৃতি আটকে রয়েছে। বিরোধী দলনেতার স্বীকৃতি না মেলায় আরটিআই করেছেন শোভনদেব। তিনি জানতে চেয়েছেন, ২০১১, ২০১৬ এবং ২০২১ সালে কীসের ভিত্তিতে বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি স্পিকারকেও চিঠি দিতে চলেছেন তিনি। বর্তমান শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে শোভনদেব বলেন, “আইন অনুযায়ী বিরোধী দলনেতা হতে যে সংখ্যক আসন দরকার, তার চেয়ে অনেক বেশি আসন আমাদের আছে। তারপরও কেন স্বীকৃতি মিলছে না, সেটাই প্রশ্ন।”
১৫ বছর পর বিরোধী আসনে বসা তৃণমূলের কাছে বিরোধী দলনেতার স্বীকৃতি এখন বড় ইস্যু। রেজুলেশন জটে আটকে শোভনদেব চট্টোপাধ্যায়ের স্বীকৃতি। আরটিআই ও স্পিকারকে চিঠি দিয়ে জট কাটাতে মরিয়া বালিগঞ্জের বিধায়ক। এখন দেখার, বিধানসভা সচিবালয় কী জবাব দেয়।
