স্ত্রী হাসিনের মামলায় বেকসুর খালাস মহম্মদ শামি, বললেন ‘কোনও ভুল করিনি’
কিউ ইন্ডিয়া বাংলা:- স্ত্রী হাসিন জাহানের করা চেক প্রতারণা মামলায় বেকসুর খালাস পেলেন ভারতীয় পেসার মহম্মদ শামি। আলিপুর কোর্টে হাজিরার পর রায় শামির পক্ষে যায়। কোর্ট চত্বর ছাড়ার আগে শামি বলেন, ‘আমি জানতাম রায় আমাদের পক্ষেই যাবে। কারণ আমি কোনও ভুল করিনি।’
২০১৮ সালে ১ লক্ষ টাকার চেক প্রতারণার অভিযোগে শামির বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন হাসিন জাহান। সেই মামলার শুনানিতেই আজ আলিপুর কোর্টে হাজির হয়েছিলেন ভারতীয় পেসার। মামলা শেষে শামি জানান, ‘যা টাকা দেওয়ার কথা ছিল, তার সমস্তটাই দিয়ে দিয়েছি। বাকি সবকিছু তো ঠিক রয়েছে।’
প্রসঙ্গত, শামি ও তাঁর পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করেছিলেন হাসিন। বর্তমানে হাসিন জাহান কলকাতাতেই মহম্মদ শামির বাড়িতে থাকছেন। তবে মেয়ের পড়াশোনার কারণে দিল্লি ও কলকাতায় যাতায়াত করতে হয় তাঁকে। অন্যদিকে, ম্যাচ না থাকলে উত্তরপ্রদেশের আমরোহায় থাকেন শামি। বর্তমানে তিনি লখনউ সুপার জায়েন্টের হয়ে আইপিএল খেলছেন।
গতকালের ম্যাচে খেলতে পারেননি শামি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কীই বা করতে পারি? ম্যাচে যা হতে পারে, মাঠে যা হতে পারে, মাঠের বাইরে যা হতে পারে… সবকিছুই ঠিক করার চেষ্টা করে যাই।’
এর আগেও খোরপোশ বৃদ্ধির আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হাসিন জাহান। কলকাতা হাইকোর্টের নির্দেশে বর্তমানে হাসিনকে প্রতি মাসে মেয়ের দেখভালের জন্য আড়াই লক্ষ এবং নিজের জন্য দেড় লক্ষ টাকা করে দেন শামি। হাসিনের অভিযোগ, এই টাকায় মাসিক খরচ চলছে না। যদিও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, মা ও মেয়ের সংসার চালানোর জন্য মাসিক ৪ লক্ষ টাকা কি যথেষ্ট নয়?
হাসিন জাহানের অভিযোগের নিরিখে মহম্মদ শামি ও পশ্চিমবঙ্গ সরকারকে নোটিস পাঠিয়েছিল শীর্ষ আদালত। তবে চেক প্রতারণা মামলায় আজ আলিপুর কোর্ট শামিকে বেকসুর খালাস দিল। রায়ের পর স্বস্তিতে ভারতীয় পেসার।
