বাংলার আয়নাআজকের দিনেতিলোত্তমারাজনীতি

আর জি কর কাণ্ড: সিবিআই-এর মুখোমুখি নির্মল ঘোষ, ‘তড়িঘড়ি সৎকার কেন?’ প্রশ্নে জেরবার প্রাক্তন বিধায়ক !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই। এই মামলায় বৃহস্পতিবার নিউটাউনের সিবিআই দপ্তরে হাজিরা দিলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। ঘটনার দিন তাঁর ভূমিকা এবং তড়িঘড়ি দেহ সৎকারের কারণ নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, তদন্তে বারবার নির্মল ঘোষের নাম উঠে এসেছে। নির্যাতিতার বাবা-মাও তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন। বুধবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা পানিহাটি শ্মশানে গিয়ে ইনচার্জ ভোলানাথ পাত্রকে ২০ মিনিটের বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন।

পরিবারের অভিযোগ, ময়নাতদন্তের পর কারও কথা না শুনেই মৃতদেহ পানিহাটি শ্মশানে নিয়ে যাওয়া হয়। নির্যাতিতার মৃতদেহ তড়িঘড়ি দাহ করার জন্য পরিবারের উপর ‘চাপ’ দেওয়া হয়েছিল। অভিযোগ, এই গোটা প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছিলেন প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। হাসপাতাল থেকে দেহ বের করার সময় এবং শ্মশানঘাটেও তিনি উপস্থিত ছিলেন।

সিবিআই জানতে চাইছে, সেই রাতে তিনি কেন শ্মশানে গিয়েছিলেন, কার নির্দেশে গিয়েছিলেন, এবং গোটা প্রক্রিয়া চলাকালীন কী হয়েছিল। পাশাপাশি কেন তড়িঘড়ি দেহ সৎকার করা হল, সে বিষয়েও তাঁকে একাধিক প্রশ্ন করা হচ্ছে।

পালাবদলের পর আর জি কর মামলার ফাইল নতুন করে খুলেছে সিবিআই। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন মামলার তদন্তে গতি আনতে এবার নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদ শুরু করল কেন্দ্রীয় সংস্থা। তাঁর বয়ানের উপর ভিত্তি করেই তদন্তের পরবর্তী দিক নির্ধারিত হবে বলে মনে করছে সিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *