Puri Rathyatra: পুরীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জারি রেড অ্যালার্ট, রথযাত্রায় নজিরবিহীন নিরাপত্তা
কিউ ইন্ডিয়া বাংলা- বিশ্ববিখ্যাত পুরীর রথযাত্রাকে ঘিরে এ বছর নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। লক্ষ লক্ষ ভক্ত ও পর্যটকের সমাগমের কথা মাথায় রেখে গোটা রথযাত্রা এলাকাকে প্রায় ৫০০টি উচ্চক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা এবং ড্রোনভিত্তিক রিয়েল-টাইম নজরদারির আওতায় আনা হয়েছে। নিরাপত্তা বাহিনীর পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার করে প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
শ্রীমন্দির, বড়দণ্ড (গ্র্যান্ড রোড), রথের পথ, প্রবেশ ও প্রস্থান পথ, পার্কিং এলাকা এবং ভিড়প্রবণ স্থানগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সমর্থিত সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে সন্দেহজনক গতিবিধি, অতিরিক্ত ভিড় কিংবা কোনও জরুরি পরিস্থিতি দ্রুত শনাক্ত করা সম্ভব হচ্ছে।
এছাড়াও আকাশপথে ড্রোন উড়িয়ে রথযাত্রার পুরো এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে। ড্রোন থেকে প্রাপ্ত লাইভ ভিডিও সরাসরি কন্ট্রোল রুমে পৌঁছাচ্ছে, যেখানে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা মুহূর্তে পরিস্থিতি বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল পর্যবেক্ষণ এবং জরুরি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রায় ১২,০০০ পুলিশ কর্মী, ২০০ জনেরও বেশি একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ১৯ জন অভিজ্ঞ আইপিএস অফিসারকে ভিড় সামলানোর দায়িত্বে রাখা হয়েছে। রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে ভারতীয় নৌবাহিনী (Indian Navy) ও কোস্ট গার্ডের জওয়ানদের। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য একাধিক ‘ইভাকুয়েশন করিডোর’ বা জরুরি নির্গমন পথ তৈরি রাখা হয়েছে, যাতে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা এড়ানো যায়। এছাড়াও বয়স্ক, মহিলা ও বিশেষভাবে সক্ষম পুণ্যার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে এবং ভক্তদের সুবিধার্থে বসানো হয়েছে ১,৭০০টি বায়ো-টয়লেট। ভিআইপি সংস্কৃতির জেরে রথের চাকার সামনে তৈরি হওয়া যানজট রুখতেও এবার কড়া পদক্ষেপ নিয়েছে ওড়িশার বর্তমান বিজেপি সরকার।
প্রশাসনের দাবি, আধুনিক প্রযুক্তিনির্ভর এই নিরাপত্তা ব্যবস্থার ফলে রথযাত্রায় আগত ভক্তদের নিরাপত্তা আরও জোরদার হবে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা সম্ভব হবে। দেশ-বিদেশ থেকে আগত লক্ষ লক্ষ ভক্ত যাতে নির্বিঘ্নে মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথযাত্রার পবিত্র মুহূর্তের সাক্ষী হতে পারেন, সেই লক্ষ্যেই এই বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আজ ১৬ জুলাই থেকে পুরীতে রথযাত্রার সূচনা, চলবে ৯ দিন ধরে। তবে এবারের রথযাত্রায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে পুরী জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি ও বজ্রপাতে লাল সতর্কতা জারি করা হয়েছে।রথযাত্রার আগের দিনই পুরীতে রেকর্ড ১৪৩.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই লক্ষ লক্ষ ভক্তের সমাগম হতে চলেছে এই সৈকত শহরে। প্রশাসন সূত্রের খবর, এবারের রথযাত্রায় প্রায় ৩০ লক্ষ ভক্তের সমাগমের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে প্রতিবেশী রাজ্য অন্ধ্রপ্রদেশে নতুন করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। অন্ধ্রপ্রদেশ সীমান্তবর্তী গঞ্জাম জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং পুরী জুড়ে পুণ্যার্থীদের জন্য র্যান্ডম করোনা পরীক্ষা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
