Patharpratima : ১৫০ বছরের ঐতিহ্যবাহী শিব মেলায় কোটি টাকার দুর্নীতির অভিযোগ, হিসাব চেয়ে বিক্ষোভে এলাকাবাসী !
কিউ ইন্ডিয়া বাংলা ,নিজস্ব প্রতিনিধি :- দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোবিন্দপুর এলাকায় প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী শিব মেলা ও ১১৩ বছরের পুরনো মন্দির ঘিরে উঠল একাধিক দুর্নীতির অভিযোগ। তৃণমূল পরিচালিত বর্তমান মেলা কমিটির বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার হিসাব না দেওয়া, প্রাচীন পুকুর অবৈধভাবে ভরাট করা এবং পূজার নামে ভক্তদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন এলাকার মানুষ।
স্থানীয়দের দাবি, প্রতি বছর শিবের মেলাকে কেন্দ্র করে প্রায় ৫০ লক্ষ টাকার উপার্জন হলেও তার কোনও স্বচ্ছ হিসাব আজ পর্যন্ত প্রকাশ করা হয়নি। অভিযোগ, মন্দিরে পূজা দিতে আসা ভক্তদের কাছ থেকে ৩০ টাকা নেওয়া হলেও পুরোহিতকে দেওয়া হয় মাত্র ১০ টাকা এবং বাকি ২০ টাকা কমিটির নির্ধারিত ব্যক্তিরা নিয়ে নেন।
এলাকার মানুষের আরও অভিযোগ, ২০২০ সালের পর থেকে আর কোনও বৈধ পূজা কমিটি গঠন করা হয়নি। বর্তমান কমিটির সদস্যরা নিজেরাই সমস্ত অর্থ পরিচালনা করছেন এবং সেই টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
স্থানীয় ইতিহাস অনুযায়ী, বহু বছর আগে গ্রামের নন্দ বাবু স্বপ্নাদেশের পর মাটির তলা থেকে এই শিবলিঙ্গের আবির্ভাব ঘটে। তারপর থেকেই নিয়ম মেনে পূজা হয়ে আসছে। ভক্তদের ঢালা জল ও দুধ মন্দির সংলগ্ন প্রাচীন “লেদ কুণ্ডু” নামে পরিচিত পুকুরে গিয়ে পড়ত। এই উপলক্ষে প্রতি বছর শিবচতুর্দশীতে ১৫ দিনব্যাপী মেলা হয়, লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। আর সেই ঐতিহ্যবাহী মেলায় সরকারি অনুমতি ছাড়াই পুকুর ভরাট করে দেওয়া হয়েছে। অথচ ওই পুকুরের জলের উপর বহু মানুষ নির্ভরশীল ছিলেন।
এই সমস্ত অভিযোগকে সামনে রেখে আজ এলাকার মানুষ কমিটির কাছে প্রকাশ্যে হিসাব চেয়ে ক্ষোভ দেখান। যদিও অভিযুক্ত কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা মুখ খুলতে চাননি।
এলাকাবাসীর দাবি, খুব শীঘ্রই গ্রামবাসীদের ডেকে সর্বসমক্ষে সমস্ত হিসাব প্রকাশ করার আশ্বাস দেওয়া হয়েছে। তবে তৃণমূল পরিচালিত কমিটির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ ঘিরে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
