এবার প্যারামেডিক্যাল পরীক্ষার প্রশ্ন ফাঁস! জয়পুরে ধৃত কলেজের ডিরেক্টর সহ চার
কিউ ইন্ডিয়া বাংলা- নেট, টেট এর পর এবার ফের প্যারামেডিক্যাল পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে তোলপাড় জয়পুর। পুলিশ এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে, এর মধ্যে রয়েছেন কলেজের ডিরেক্টর। একদিকে রাজস্থানে প্যারামেডিক্যাল ডিপ্লোমা পরীক্ষায় প্রতারণা চক্রের ঘটনা অপরদিকে মহারাষ্ট্রে টেট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঘিরে চাপানউতোর চলছে। দেবেন্দ্র ফড়নবিশ সরকার টেট পরীক্ষা স্থগিত করেছে।
রাজস্থান প্যারামেডিক্যাল কাউন্সিল (আরপিএমসি) আয়োজিত প্রথম বর্ষের ডিপ্লোমা পরীক্ষার সময় রাজস্থান পুলিশ ব্যাপক হারে নকল চক্রের সন্ধান মেলে। এর পরেই তদন্তে নেমে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। দেশজুড়ে সাম্প্রতিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে পরীক্ষা ব্যবস্থার পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। জয়পুর পুলিশ সূত্রে খবর, ৪৫ জন ছাত্র ছাত্রীর কাছ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। ঝুনঝুন জেলার একটি কলেজে এই ধরনের ঘটনা ঘটেছে। গ্রেফতারের মধ্যে রয়েছেন কলেজের ডিরেক্টর প্রভা দেবী মেমোরিয়াল পিজি কলেজের ডিরেক্টর রামকৃষ্ণ মান্ডিওয়াল, তাঁর ভাইপো তথা বিভাগীয় প্রধান কৃষ্ণ কুমার সাইনি এবং আরও একজন কর্মী।
প্রসঙ্গত, মহারাষ্ট্রেও টেট পরীক্ষা ঘিরে উত্তেজনা। পরীক্ষা শুরুর মাত্র ২৪ ঘণ্টা আগেই প্রশ্নফাঁসের আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয় টেট পরীক্ষা। সরকারি কর্তারা জানান, থানের ভিওয়ান্ডি শহরে হানা দিয়ে কয়েকজনের হেফাজত থেকে একাধিক প্রশ্ন উদ্ধার করা হয়েছে যেগুলি টেট পরীক্ষার নির্ধারিত প্রশ্নপত্রের সঙ্গে প্রায় মিলে গিয়েছে বলে অনুমান। এই ব্যাপারে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছে ভিওয়ান্ডি পুলিশ।
