আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

No One Is Above The Law : ট্রাক আটকে তোলাবাজি! ২ সরকারি কর্মী সাসপেন্ড, শুভেন্দুর কড়া বার্তা – ‘কেউ আইনের উর্ধ্বে নয়’ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। ট্রাক আটকে তোলা আদায়ের অভিযোগে পশ্চিম বর্ধমানের ২ সরকারি কর্মীকে সাসপেন্ড করল রাজ্য সরকার। শুক্রবার এক্স হ্যান্ডেলে ঘটনার বিবরণ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানালেন, অপরাধী যে-ই হোন শাস্তি হবেই।

মুখ্যমন্ত্রী শুভেন্দু এক্স হ্যান্ডেলে লেখেন, ‘পণ্যবাহী একটি ট্রাক সার্ভিসিংয়ের পর গ্যারেজে ফিরছিল। মালিক-দীপক সিং, চালক-শিব যাদব। ফেরার পথে পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে আধিকারিকরা সেটিকে অন্যায়ভাবে আটকান।’

অভিযোগ, চালককে বেআইনিভাবে হেনস্থা করা হয় এবং ঘুষের জন্য চাপ দেওয়া হয়। ঘুষ দিতে অস্বীকার করায় গাড়িটি বাজেয়াপ্ত করা হয় এবং রাজ্য সরকার কর্তৃক আগেই বাতিল করা হয়েছে এমন একটি কর বাবদ ২২,০০০ টাকা বেআইনিভাবে দাবি করা হয়।

বিষয়টি জানামাত্রই পদক্ষেপ করে সরকার। তোলাবাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পরিবহণ দপ্তর দ্রুত ব্যবস্থা নেয়। রামপুর চেকপোস্টে কর্মরত অভিযুক্ত মোটর ভেহিকেল ইন্সপেক্টর নাজিমুল হক এবং অনুপম বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে।

বিস্তারিত ফৌজদারি তদন্ত ও আইনি পদক্ষেপের জন্য অভিযোগগুলি আনুষ্ঠানিকভাবে ‘অ্যান্টি-কোরাপশন ব্যুরো’-র কাছে পাঠানো হয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অন্যায়ভাবে আটক করা গাড়িগুলি যাতে দ্রুত ছাড়া হয় এবং পরিবহনকারীদের হেনস্থা কঠোর হাতে দমন করা হয় তার জন্য নির্দেশিকা কার্যকর করা হচ্ছে।
তাঁর সাফ বার্তা, ‘দুর্নীতি, হেনস্থা বা বেআইনি সুবিধা আদায়ের সঙ্গে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধে কঠোরতম বিভাগীয় ও আইনি পদক্ষেপ করা হবে।’
‘কেউ আইনের উর্ধ্বে নয়’ – এই নীতিতেই সরকার চলবে বলে ফের জানালেন শুভেন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *