আজকের দিনেবাংলার আয়না

ED Raids : রাজ্যে ফের ইডি হানা! সাতসকালে পুরুলিয়ার ব্যবসায়ীর বাড়ি ও রেস্তরাঁয় ব্যাঙ্ক জালিয়াতি মামলায় অভিযান !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, পুরুলিয়া :- ফের রাজ্যে সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকাল ৬টা নাগাদ পুরুলিয়ার নিতুড়িয়া থানার পারবেলিয়া বাজারে এক ব্যবসায়ীর বাড়ি ও রেস্তরাঁয় হানা দিলেন ইডি আধিকারিকরা। ব্যাঙ্ক জালিয়াতি মামলায় চলছে তল্লাশি।

ইডি সূত্রে খবর, অভিযান চলেছে পারবেলিয়া বাজারের ব্যবসায়ী সুরজ বিশ্বকর্মার বাড়ি ও তাঁর ‘সুরজ ফ্যামিলি রেস্টুরেন্ট’-এ। অভিযানের সময় বাড়ির সামনে মোতায়েন ছিল প্রচুর কেন্দ্রীয় বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয় সকাল থেকেই।

জানা গিয়েছে, অভিযানের সময় বাড়িতেই ছিলেন সুরজ। তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করছেন আধিকারিকরা। বাড়ি ও রেস্তরাঁ থেকে বিভিন্ন নথিপত্র, ব্যাঙ্কের কাগজপত্র ও আর্থিক লেনদেনের হিসাব খতিয়ে দেখা হচ্ছে।

একটি বহুজাতিক ব্যাঙ্ক জালিয়াতির মামলায় এই অভিযান বলে জানা গিয়েছে। কীভাবে জালিয়াতি হয়েছে, টাকার লেনদেনের পথ কী ছিল এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সম্প্রতি রাজ্যজুড়ে বিভিন্ন দুর্নীতি মামলায় তৎপর ইডি। চিটফান্ড ও পুর নিয়োগ দুর্নীতি মামলায় হাওড়া, নদিয়া, বনগাঁ, কলকাতা-সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে সংস্থাটি। অভিযোগ, সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে প্রায় ২০ হাজার আমানতকারীর কাছ থেকে ১৬৫ কোটি টাকা তোলা হয়েছিল। সেই তদন্তের ধারাবাহিকতাতেই এবার ব্যাঙ্ক জালিয়াতির মামলায় পুরুলিয়ায় হানা দিল ইডি।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ব্যাঙ্ক জালিয়াতির টাকা বিভিন্ন রাস্তায় ঘোরানো হয়েছিল। সেই টাকার উৎস ও গন্তব্য খতিয়ে দেখতেই এই অভিযান।
ইডি আধিকারিকরা সব নথি খতিয়ে দেখার পর আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারেন বলেও সূত্রের খবর।
রাজ্যে দুর্নীতি বিরোধী অভিযান যে আরও জোরদার হবে, তা স্পষ্ট করেই দিচ্ছে ইডির এই লাগাতার হানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *