ফুটপাত দখল নয়, পুনর্বাসনের আশ্বাস-হকারদের নিয়ে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- রাজ্যে বেআইনি দখলদারির উদ্দেশ্যে হকারদের নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শুক্রবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে দেন, ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য,তাই কোনও ব্যক্তির ফুটপাত দখল করে ব্যবসা চালানোর কোনো অধিকার নেই। তাঁর এই মন্তব্যের পর হকারদের ভবিষ্যৎ নিয়ে শ্রম দপ্তরের নতুন এক স্কিমের কথা জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রীর মতে, রাস্তা ও ফুটপাত এমনভাবে দখল হয়ে গেলে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়, এমনকি জরুরি পরিস্থিতিতে যানবাহন চলাচলেও সমস্যা তৈরি হতে পারে। তাই রাজ্যে পরিবর্তনের পর থেকেই সরকার বুলডোজার অ্যাকশন চালু করে এবং শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করার কাজ চলবে বলে জানিয়ে দেওয়া হয় সরকারের তরফে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁরা দীর্ঘদিন ধরে হকারি করে জীবিকা নির্বাহ করছেন, তাঁদের সমস্যার দিকটিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। শ্রম মন্ত্রকের মাধ্যমে বিশেষ প্রকল্প আনার পরিকল্পনার কথা উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় সরকার ফুটপাত থেকে হকারদের সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।তিনি বলেন, সরকারের অব্যবহৃত বা খালি জমিতে হকারদের পুনর্বাসনের চিন্তাভাবনা করা হবে। তবে তার আগে অবৈধভাবে দখল করা জায়গা খালি করতে হবে।
কলকাতার নিউ মার্কেট, রাজাবাজার কিংবা মেটিয়াবুরুজের মতো এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা চালানোর প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, জনস্বার্থের ক্ষতি করে কোনও ধরনের দখলদারি মেনে নেওয়া হবে না। জনগণের সুবিধা ও নিরাপত্তার প্রশ্নে সরকার আপস করবে না। সরকারের বার্তা পরিষ্কার—অবৈধ দখলদারির বিরুদ্ধে অভিযান চলবে, কিন্তু একই সঙ্গে জীবিকা হারানোর আশঙ্কায় থাকা হকারদের জন্য পুনর্বাসন ও বিকল্প ব্যবস্থার পথও খোলা রাখা হবে।
