Natural Gas-Andaman Sea : আন্দামান সাগরে ‘জ্যাকপট’, প্রাকৃতিক গ্যাসের বিরাট ভান্ডারের হদিস !
কিউ ইন্ডিয়া বাংলা:- আন্দামান সাগরে প্রাকৃতিক গ্যাসের বড় ভান্ডারের খোঁজ পেল ভারত। অয়েল ইন্ডিয়ার খোঁড়া ‘শ্রী বিজয়াপুরম-৩’ কূপ থেকে গ্যাস বেরোনোর ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিংহ পুরী। ইরান যুদ্ধে বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কটের মধ্যে এই আবিষ্কারকে “শক্তি সম্ভাবনার মহাসাগর” বলে উল্লেখ করলেন তিনি।
আন্দামান দ্বীপপুঞ্জের পূর্ব উপকূল থেকে প্রায় ১৫ কিমি দূরে ৩৫৫ মিটার গভীর জলে কূপটি খনন করে অয়েল ইন্ডিয়া। এক্স হ্যান্ডলের পোস্টে পুরী লিখেছেন, “৩৫৫ মিটার গভীর জলে শ্রী বিজয়াপুরম-৩ কূপটি খনন করা হয়েছিল। সমুদ্রতলের ইওসিন স্তরে মাটির ১৯০০ মিটারের বেশি গভীরতায় প্রাকৃতিক গ্যাস পাওয়া গিয়েছে।”
সূত্রের খবর, গত কয়েক বছরে ওই এলাকায় তিন জায়গায় গ্যাসের সন্ধান চালায় রাষ্ট্রায়ত্ত সংস্থা। তার মধ্যে দু’টিতে সাফল্য মিলেছে। ভূ-বিশ্লেষকদের দাবি, ওই এলাকায় ৩০.৭ কোটি থেকে ৩৭ কোটি মেট্রিক টন পর্যন্ত হাইড্রোকার্বন থাকতে পারে।
প্রসঙ্গত, গভীর সমুদ্রে খনিজ তেল-গ্যাসের খোঁজে ‘সমুদ্রমন্থন মিশন’ চালাচ্ছে ভারত। প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে এই খাতে ১০ হাজার কোটি ডলার খরচের পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।
প্রাকৃতিক গ্যাসের হদিস মিললেও বাণিজ্যিক উৎপাদন শুরু হতে আরও কয়েক বছর লাগবে। এখন গ্যাসের নমুনা সংগ্রহ করে আইসোটোপ গবেষণা চালাচ্ছে অয়েল ইন্ডিয়া। ফলে জ্বালানির ৮৫ শতাংশ আমদানি নির্ভরতা কমা বা এলপিজির দাম সস্তা হওয়ার জন্য এখনই অপেক্ষা করতে হবে। তবে দীর্ঘমেয়াদে এই আবিষ্কার ভারতের জ্বালানি নিরাপত্তায় বড় ভূমিকা নেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
