FIR-Anubrata Mandal : ইট নিয়েও টাকা দেননি, অনুব্রত মণ্ডল-সহ সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে FIR, ৮ ধারায় মামলা !
কিউ ইন্ডিয়া বাংলা:- তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় FIR দায়ের। অভিযোগ, ২০২১ সালে ভোটের পর বোলপুরে পার্টি অফিস তৈরি করতে প্রায় ৩০ লক্ষ টাকার ইট নিয়েও টাকা দেননি অনুব্রত ও তাঁর লোকজন। টাকা চাইতে গেলে ইটভাটার মালিককে ভয় দেখানোরও অভিযোগ। চুরি ও তোলাবাজি সহ ৮টি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ২০২১ সালের বিধানসভা ভোটের পর বোলপুরে তৃণমূলের পার্টি অফিস তৈরি হয়। সেই সময় অনুব্রত মণ্ডলের লোকজন স্থানীয় এক ইটভাটা থেকে প্রায় ৩০ লক্ষ টাকার ইট নিয়ে যায়। ইটভাটার মালিকের অভিযোগ, ইট নেওয়ার পর বারবার টাকা চাইলেও দেওয়া হয়নি। উল্টে টাকা চাইতে গেলে তাঁকে হুমকি দেওয়া হয়।
অভিযোগকারীর দাবি, ২০২১ সালেই থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন তিনি। কিন্তু তখন অভিযোগ নেওয়া হয়নি। সম্প্রতি ফের শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ইটভাটার মালিক। অভিযোগ খতিয়ে দেখে অনুব্রত মণ্ডল ও তাঁর সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে ৮টি ধারায় FIR রুজু করেছে পুলিশ। এর মধ্যে চুরি ও তোলাবাজির মতো জামিন অযোগ্য ধারাও রয়েছে।
শান্তিনিকেতন থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। অভিযোগকারীর বয়ান রেকর্ড করা হয়েছে। ঘটনার সময়কার প্রমাণ ও সাক্ষ্য সংগ্রহের কাজ চলছে।
গরু পাচার মামলায় জেল খেটে বেরোনোর পর ফের আইনি জটে অনুব্রত মণ্ডল। ইট নিয়ে টাকা না দেওয়ার অভিযোগে এবার FIR। তদন্ত কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
