আজকের দিনেবিশ্ব

MUSLIM NATO : ইরানের বিরুদ্ধে মক্কায় নতুন জোট! ‘মুসলিম ন্যাটো’ নিয়ে তীব্র আপত্তি তেহরানের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:-:ইউরোপের ন্যাটোর ধাঁচে মক্কায় গঠিত হল নতুন সামরিক জোট (MUSLIM NATO) । সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তিকে আন্তর্জাতিক মহল নাম দিয়েছে ‘মুসলিম ন্যাটো’। চুক্তি অনুযায়ী এক দেশে হামলা হলে তা বাকি দুই দেশের উপর হামলা হিসেবে বিবেচিত হবে। তবে জোট ঘোষণার পরই তীব্র বিরোধিতা করেছে ইরান।

মধ্যপ্রাচ্যে নতুন শক্তির সমীকরণ! মক্কায় বসে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মিলে তৈরি করল ‘মুসলিম ন্যাটো’ (MUSLIM NATO)। কাগজে-কলমে উদ্দেশ্য একটাই – এক দেশে হামলা হলে বাকি দুই দেশও সেটাকে নিজেদের উপর আক্রমণ হিসেবে দেখবে। কিন্তু জোট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই তেহরান থেকে উঠল প্রতিবাদের ঝড়। ইরান বলছে, এই ‘কাগুজে চুক্তি’ সৌদিকে নিরাপত্তা দেবে না, উল্টে গোটা অঞ্চলে আগুনে ঘি ঢালবে। একে তারা নিজেদের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলেও দাবি করেছে। তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি, পাকিস্তান পরমাণু শক্তিধর, আর সৌদি আরবের কাছে টাকা আর তেল আছে। মার্কিন ছাতার বাইরে নিজেদের নিরাপত্তা বলয় তৈরি করতেই রিয়াধ এই ত্রিমুখী চুক্তিতে সই করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তবে প্রশ্ন একটাই – যুদ্ধ সত্যিই বাঁধলে কি ইসলামাবাদে তুর্কি-সৌদি সেনা নামবে? কূটনীতিকদের উত্তর: না। সর্বোচ্চ ড্রোন, অস্ত্র আর লজিস্টিক সাপোর্ট আসতে পারে। অপারেশন সিঁদুরের সময় যেমন তুরস্ক পাকিস্তানকে ড্রোন দিয়েছিল, সেরকমই। জোটটি ইরান, ইজরায়েল নাকি ভারত বিরোধী – তা নিয়ে তিন দেশই মুখে কুলুপ এঁটেছে। তুরস্কের দাবি এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং ভবিষ্যতে যে কেউ যোগ দিতে পারে।

কিন্তু সমস্যা হল OIC। ৫৭টি মুসলিম দেশের এই সংগঠনে ইরান ও আফগানিস্তানও সদস্য। এই নতুন জোট OIC-র ভিতরে ফাটল ধরাতে পারে বলে আশঙ্কা। ২০১৫ সালে সৌদির উদ্যোগে ৪০টি দেশের সন্ত্রাস-বিরোধী জোটও খাতায়-কলমেই থেকে গিয়েছিল।

নামে ‘মুসলিম ন্যাটো’ হলেও বাস্তবে এটি কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। ইরানের বিরোধিতা, OIC-র অভ্যন্তরীণ টানাপোড়েন এবং যুদ্ধের সময় সেনা পাঠানোর বাস্তবতা – সব মিলিয়ে ওয়াকিবহাল মহল একে ‘কাগুজে বাঘ’ হিসেবেই দেখছে। আপাতত এটি প্রতিরক্ষা সহযোগিতার প্রতীকী চুক্তির বেশি কিছু নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *