Mamata-Kakali : ‘মমতার অধঃপতন হয়েছে’, তৃণমূল ছেড়ে প্রথম মঞ্চ থেকেই মমতাকে তীব্র নিশানা কাকলি ঘোষ দস্তিদারের !
কিউ ইন্ডিয়া বাংলা, উত্তর ২৪ পরগনা :- তৃণমূল ছেড়ে NCP-তে যোগ দেওয়ার পর প্রথম প্রকাশ্য কর্মসূচিতেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করলেন বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার। শুক্রবার বারাসতে রাখিবন্ধন উপলক্ষে এক অনুষ্ঠান থেকে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি।(Mamata-Kakali)
শুক্রবার বারাসত জেলা পরিষদের প্রেক্ষাগৃহে নিজের কোচিং সেন্টারের কৃতী পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাকলি। সেখান থেকেই তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানকে কটাক্ষ করে তিনি বলেন, “গত বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ বল মাঠের বাইরে পাঠিয়ে খেলা শেষ করে দিয়েছেন।”
মমতার সঙ্গে চার দশকের সম্পর্কের প্রসঙ্গ টেনে কাকলি বলেন, “গত ৪০ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী ছিলেন। কিন্তু তাঁর এখন অধঃপতন হয়েছে। গত পাঁচ-সাত বছর ধরে ওঁর ব্যবহারে আমি মর্মাহত হয়ে দলত্যাগ করেছি।”
ফের তৃণমূলে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, “বাংলার মানুষের রায়কে মাথা পেতে নিয়ে আমরা স্বেচ্ছায় দল ছেড়েছি। ফের দলে যাওয়ার জন্য আবেদনের প্রশ্নই ওঠে না।”(Mamata-Kakali)
দলত্যাগ-বিরোধী আইনে নোটিস প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি আদালতের বিচারাধীন এবং লোকসভার স্পিকারের নির্দেশ অনুসারে যথাসময়ে যুক্তি-সহ জবাব দেবেন।
এদিন বালি, সোনা ও কয়লা পাচারের অভিযোগ তুলেও মমতাকে আক্রমণ করেন তিনি। তাঁর কটাক্ষ, “এর আগে এ রাজ্যে বালি, সোনা, কয়লা পাচার দেখিনি। সেই কারণে দলে ধস নেমেছে। উনি সেই ধসের চূড়ায় বসে আছেন।”
অভিষেক বন্দ্যোপাধ্যায় দলত্যাগীদের উদ্দেশে কড়া বার্তা দিলেও, নিজের অবস্থানে অনড় কাকলি। তৃণমূলের ভাঙন নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে।(Mamata-Kakali)
