ভোটের আগেই বিতর্কে কুড়মি নেতা অজিত মাহাতো, বাড়ি থেকে টাকা বিলির অভিযোগ
কিউ ইন্ডিয়া বাংলা :- ভোটের আগেই বিতর্কে কুড়মি নেতা অজিত মাহাতো । এই নেতার বাড়ির একটি ভিডিও ভাইরাল হয়েছে, যদিও তার সত্যতা যাচাই করেনি কেউ ইন্ডিয়া বাংলা যেখানে দেখা যাচ্ছে বান্ডিল বান্ডিল টাকা সব ৫০০ টাকার নোট। দাবি করা হচ্ছে আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত মাহাতোর বাড়ি থেকে এই টাকা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। তার ছেলে বিশ্বজিৎ মাহাতো আবার আসন্ন বিধানসভা নির্বাচনে জয়পুর কেন্দ্র থেকে লড়ছেন।
মাস কয়েক আগে একটি সমাবেশে নো ভোট টু তৃণমূল স্লোগান তুলেছিলেন অজিত মাহাতো । তার অভিযোগ ছিল রাজ্য সরকার ” ফারদার কমেন্ট জাসটিফিকেশন রিপোর্ট” ঝুলিয়ে রেখেছে সেই জন্যই কুড়মিরা জনজাতি স্বীকৃতি পাচ্ছেন না । এই নিয়ে তার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই সময় তিনি জানিয়েছিলেন আন্দোলনের একাধিক দাবিদার স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন। এরপরে রাজ্যের বিধানসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা হতেই দেখা যায় পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্র থেকে অজিতের ছেলে বিশ্বজিৎকে সমর্থন করছে গেরুয়া শিবির । তিনি জোর কদমের প্রচার শুরু করেন । আর এই আবহে ভাইরাল হয় এই ভিডিও ক্লিপ । অজিত এবং বিজেপিকে এই ঘটনায় একযোগে আক্রমণ করেছে তৃণমূল । তার বিরুদ্ধে কুড়মি সমাজকে বিক্রি করে টাকা রোজগারের অভিযোগ তোলা হয়েছে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে। পুরুলিয়ার জেলা তৃণমূলের সভাপতি রাজীব লোচন সরেন বলেন ” ভিডিওতে দেখা গেল অজিত মাহাতোর বাড়ি থেকে প্যাকেট প্যাকেট টাকা বিলিয়ে দেওয়া হচ্ছে । তিনি
কুড়মি সমাজকেই বিক্রি করে দিয়েছেন ” । তার আরও সংযোজন ” একটা মিথ্যাবাদীদের দলে যোগদান করেছে । মানুষ সব দেখছে । কুড়মি সমাজ যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল এখন তিনি তার প্রতিদান দিচ্ছেন” ।
গোটা ঘটনাটাই উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি অজিত মাহাতোর। তিনি বলেন ” আমরা নো ভোট টু তৃণমূল ডাক দিয়েছিলাম, তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, পুরো জঙ্গলমহলে তৃণমূলের পায়ের তলায় মাটি সরে গিয়েছে। এইসব করে একটাও ভোট কমানো যাবে না” । কুড়মি আন্দোলনকে আরো জোরদার করার ডাক দিয়েছেন তিনি ।
