আজকের দিনেতিলোত্তমা

মঙ্গলের রাতে অভিষেকের ‘লাস্ট মিনিট সাজেশন’, ভার্চুয়াল বৈঠকে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: ২৩ এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। আর মাত্র কয়েকটা দিন বাকি। তার ঠিক আগেই প্রথম দফার ১৫২টি আসনের প্রার্থীদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দিতে মঙ্গলবার রাতে জরুরি ভারচুয়াল বৈঠকের ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, প্রচারের শেষ লগ্নে ভোট-কৌশল সাজানোর পাশাপাশি এই বৈঠকে অত্যন্ত গুরুত্ব পেতে চলেছে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলের গ্রেপ্তারির প্রসঙ্গও।

রাত ৮টায় মেগা ভারচুয়াল বৈঠক দলীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত ৮টা নাগাদ এই ভারচুয়াল বৈঠকটি অনুষ্ঠিত হবে। দলের ‘সেকেন্ড ইন কমান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা এই বৈঠকে প্রথম দফার সমস্ত প্রার্থীকে উপস্থিত থাকতে বলা হয়েছে। পাশাপাশি, দলের সাংসদ এবং বর্ষীয়ান নেতৃত্বও এই বৈঠকে যোগ দেবেন। ভোটযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আগে বুথস্তরের ব্যবস্থাপনা এবং প্রচারের ঝাঁজ বাড়ানো নিয়ে প্রার্থীদের একাধিক গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন অভিষেক।

পাখির চোখ উত্তরবঙ্গ প্রথম দফার ভোটে শাসক শিবিরের অন্যতম প্রধান ফোকাস উত্তরবঙ্গ। ভোটের একমাস আগে থেকেই জেলায় জেলায় ঘুরে টানা প্রচার চালাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারও উত্তরবঙ্গে অভিষেকের জোড়া প্রচার কর্মসূচি রয়েছে। কোচবিহারে জনসভা এবং ময়নাগুড়িতে রোড শো করার কথা তাঁর। এই প্রচার সেরেই তিনি কলকাতায় ফিরবেন এবং রাতে প্রার্থীদের সঙ্গে ভারচুয়াল বৈঠকে বসবেন।

প্রচারের হাতিয়ার আইপ্যাক কর্তার গ্রেপ্তারি রাজনৈতিক মহলের মতে, মঙ্গলবারের বৈঠকে নির্বাচনী স্ট্র্যাটেজির পাশাপাশি বড় ইস্যু হতে চলেছে ভোটকুশলী সংস্থা আইপ্যাকের ডিরেক্টরের গ্রেপ্তারি। সোমবার রাতে ভিনেশ চান্ডেলকে গ্রেপ্তার করে ইডি রাতেই তাঁকে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে পেশ করে এবং আদালত তাঁকে ১০ দিনের ইডি হেফাজতে পাঠায়।

তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সুষ্ঠুভাবে বাংলার নির্বাচন পর্বকে বানচাল করার ‘অসৎ উদ্দেশে’ এবং সম্পূর্ণ ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ করেই ভোটের মুখে এই পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, প্রচারের বাকি দিনগুলোয় অন্যান্য উন্নয়নমূলক ইস্যুর পাশাপাশি কেন্দ্রের এই পদক্ষেপকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে তুলে ধরে জনতার দরবারে নিয়ে যাওয়ার জন্য প্রার্থীদের বিশেষ নির্দেশ দিতে পারেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রথম দফার ঠিক মুখে অভিষেকের এই ‘মেগা বৈঠক’ এবং প্রচারের নয়া কৌশল শাসকদলের নেতা-কর্মীদের মনোবল কতটা বাড়াতে পারে, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *