আজকের দিনেভারত

ভোট পরবর্তী অভিযোগে সুপ্রিম কোর্টের পথে কপিল সিব্বল

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর এবার আইনি লড়াইয়ের পথে ঘাসফুল শিবির। বুধবার নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ তুলে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিলেন বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল। তাঁর স্পষ্ট দাবি, এবারের লড়াই কেবল রাজনৈতিক ছিল না, বরং এটি ছিল তৃণমূল কংগ্রেস বনাম নির্বাচন কমিশনের লড়াই।
​ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ
​এদিন সাংবাদিক বৈঠকে কপিল সিব্বল ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে বড়সড় প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে। তাঁর কথায়: ​“যেখানে বেশি সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে (Delete), ঠিক সেই কেন্দ্রগুলোতেই বিজেপি জয়লাভ করেছে।” এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি জানান, এর বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে ‘ইলেকশন পিটিশন’ দায়ের করা হতে পারে।
​কমিশনের ভূমিকা ও কেন্দ্রীয় বাহিনী
​নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করে সিব্বল বলেন, রাজ্যে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও কেন বিরোধী শিবিরের ওপর হামলা চলল? তাঁর প্রশ্ন, “বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও যদি হিংসা ঘটে, তবে তারা সেখানে কী করছিল?” ​সিব্বলের দাবি, গণনা কেন্দ্রগুলির সমস্ত ভিডিও ফুটেজ জনসমক্ষে আনা হোক। ​কমিশনের নিয়ম মেনে ফুটেজগুলো সংরক্ষিত আছে কি না, সে বিষয়েও তিনি প্রশ্ন তোলেন।
​ইডি-র অতিসক্রিয়তা ও সাম্প্রদায়িক মেরুকরণ
​ভোটের আগে ও চলাকালীন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর ভূমিকা নিয়েও সরব হন এই প্রবীণ আইনজীবী। তৃণমূল নেতাদের বিরুদ্ধে ইডি-র লাগাতার অভিযানকে নির্বাচনী পরিবেশ প্রভাবিত করার চেষ্টা বলে ব্যাখ্যা করেছেন তিনি। এছাড়া, তৃণমূলের কৌশল নির্ধারণকারী সংস্থা ‘আই প্যাক’ -এর কাজেও বাধা দেওয়ার অভিযোগ আনেন তিনি।
​সবশেষে, সাম্প্রদায়িক মেরুকরণ নিয়ে বিজেপিকে তোপ দেগে সিব্বল বলেন, “সব হিন্দুদের এক হতে হবে, না হলে বাংলা বাংলাদেশে চলে যাবে—এই ধরনের প্রচার জনপ্রতিনিধিত্ব আইনের সম্পূর্ণ পরিপন্থী।” ধর্মের ভিত্তিতে ভোট চাওয়ার এই প্রবণতার বিরুদ্ধেই আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
তদন্তের দাবি: বিরোধী শিবিরের দাবি, নির্বাচনের এই ফল জনমতের সঠিক প্রতিফলন নয়। এখন দেখার, সুপ্রিম কোর্টে এই পিটিশন দাখিল হওয়ার পর উচ্চ আদালত কী নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *