রথযাত্রার রুট ম্যাপ তৈরির নির্দেশ লালবাজারের
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: স্নানযাত্রা সম্পন্ন হতেই শহর কলকাতায় শুরু হয়ে গিয়েছে উল্টো রথ ও রথযাত্রার কাউন্টডাউন। আর এই উৎসবের মরশুমে শহরের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিটোল রাখতে কোমর বেঁধে নামল লালবাজার। কলকাতার যে যে রুট ধরে রথযাত্রা হয়, অবিলম্বে সেই সমস্ত রাস্তার ‘ম্যাপিং’ করার জন্য সমস্ত থানার ওসি-দের নির্দেশ দিলেন পুলিশ কমিশনার অজয় নন্দা। মঙ্গলবার সমস্ত থানার ওসি এবং উচ্চপদস্থ পুলিশকর্তাদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেন সিপি। সেখানেই রথযাত্রার পাশাপাশি আসন্ন দুর্গাপুজো নিয়েও এখন থেকেই প্রস্তুতি ও পরিকল্পনা শুরুর কড়া নির্দেশ দিয়েছেন তিনি।
রথযাত্রা নিয়ে পুলিশ কমিশনারের একঝাঁক নির্দেশিকা:
রুটের ম্যাপিং ও নতুন রথযাত্রার খোঁজ: প্রতি বছর যে সমস্ত রাস্তা দিয়ে রথ যায়, তার স্পষ্ট ম্যাপ তৈরি করতে হবে। পাশাপাশি, এই বছর নতুন কোনও রথযাত্রা বের হচ্ছে কি না, সেদিকেও কড়া নজর রাখতে হবে।
উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক: বারোয়ারি রথযাত্রা ছাড়াও বহু জায়গায় পারিবারিক স্তরে রথের আয়োজন করা হয়। প্রয়োজনে প্রতিটি রথযাত্রার সঙ্গে পুলিশ থাকবে। তার আগে থানার ওসি-দের প্রতিটি রথ কমিটির উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাস্তা মেরামতি: রথ যে রুট দিয়ে যাবে, সেই রাস্তাগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে হবে। কোনও রাস্তা খারাপ থাকলে দ্রুত পুরসভার সঙ্গে যোগাযোগ করে তা মেরামতের ব্যবস্থা করতে হবে।
বিগত বছরের সমস্যা খতিয়ে দেখা: গত বছর রথযাত্রাকে কেন্দ্র করে কোথাও কোনও অপ্রীতিকর পরিস্থিতি বা সমস্যা তৈরি হয়েছিল কি না, তা খতিয়ে দেখে এই বছর যাতে তার পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করতে হবে।
রথের মেলায় কড়া নিরাপত্তা: শহরের যেখানে যেখানে রথের মেলা বসে, তার একটি সম্পূর্ণ তালিকা তৈরি করে সেখানে পর্যাপ্ত পুলিশি মোতায়েন ও কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।
এখন থেকেই পুজোর প্রস্তুতি!
যদিও দুর্গাপুজোর এখনও কয়েক মাস বাকি, তবুও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এখন থেকেই থানাগুলিকে কোমর বাঁধার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার অজয় নন্দা। সিপি-র নির্দেশ অনুযায়ী, প্রতিটি থানার ওসি-কে তাঁদের এলাকার পুজো কমিটিগুলির বর্তমান পরিস্থিতির খোঁজ নিতে হবে। কোনও পুজো নিয়ে আগে কোনও বিতর্ক বা কোন্দল তৈরি হয়েছিল কি না, তা এখন থেকেই খতিয়ে দেখতে হবে। এছাড়াও, এই বছর কোন কোন পুজো কমিটির দায়িত্বে পরিবর্তন এসেছে, কারা নতুন পদে এলেন এবং পুজো বা ক্লাবকে কেন্দ্র করে কোনও অভ্যন্তরীণ সমস্যা রয়েছে কি না, তার সম্পূর্ণ আপডেট রাখতে হবে স্থানীয় থানাকে। কোন পুজোয় কেমন ভিড় হতে পারে, তার একটি আগাম খসড়াও তৈরি রাখার নির্দেশ দিয়েছে লালবাজার।
