স্বস্তিতে হোটেল-রেস্তোরাঁ, বাণিজ্যিক LPG-র উপর থেকে বিধিনিষেধ তুলল কেন্দ্র
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে জারি করা কড়াকড়ি শিথিল করল কেন্দ্র। পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়ে দিল, বাণিজ্যিক ক্ষেত্রে LPG সরবরাহে আর কোনও বিধিনিষেধ থাকছে না। বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে।
ইরান যুদ্ধের জেরে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হওয়ায় দেশে গৃহস্থের রান্নাঘর সুরক্ষিত রাখতে বাণিজ্যিক LPG সরবরাহে রাশ টেনেছিল কেন্দ্র। হোটেল, রেস্তোরাঁ এবং শিল্পক্ষেত্রে গ্যাসের জোগান কমানো হয়েছিল। পেট্রোকেমিক্যাল থেকে C3 ও C4 গ্যাস সরিয়ে LPG উৎপাদন বাড়ানো হচ্ছিল।
কিন্তু পশ্চিম এশিয়ার সঙ্কটের মেঘ কিছুটা কাটতেই নিয়ম শিথিল করল মন্ত্রক। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, বাণিজ্যিক ব্যবহারকারীদের জন্য LPG সরবরাহ এখন প্রাক-যুদ্ধ পরিস্থিতির মতো স্বাভাবিক হবে। পাশাপাশি C3 ও C4 গ্যাসের ব্যবহার কমিয়ে পেট্রোকেমিক্যাল শিল্পেও কাঁচামালের জোগান বাড়ানো হবে। মন্ত্রক আশ্বস্ত করেছে, দেশের অভ্যন্তরীণ LPG উৎপাদন দৈনিক ৪০,০০০ টনের নীচে নামবে না।
বন্ধ হয়ে যাওয়া বাল্ক LPG সরবরাহও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। মন্ত্রকের হিসেবে, ইরান যুদ্ধের আগে যে পরিমাণ বাল্ক সরবরাহ হত, বর্তমানে তার ৫০ শতাংশে পৌঁছে গিয়েছে।
ভবিষ্যতের পরিকল্পনাও জানিয়েছে কেন্দ্র। বাণিজ্যিক LPG ব্যবহারকারীদের ধাপে ধাপে পাইপড ন্যাচারাল গ্যাস বা PNG-র আওতায় আনার কথা ভাবা হচ্ছে। এই নতুন সরবরাহ ব্যবস্থা সুষ্ঠুভাবে চালু করতে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের চিঠি দিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম সচিব।
সরকারের এই পদক্ষেপে হোটেল, রেস্তোরাঁ এবং ছোট-বড় শিল্পক্ষেত্রে বড় স্বস্তি ফিরল। সঙ্কটের সময় গৃহস্থের হেঁশেল বাঁচাতে যে কঠোর নিয়ন্ত্রণ আনা হয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক হতেই তা ধাপে ধাপে তুলে নেওয়া হচ্ছে। এতে বাণিজ্যিক ক্ষেত্রে খরচ কমার পাশাপাশি উৎপাদনও গতি পাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
