হকার উচ্ছেদে স্থগিতাদেশ হাইকোর্টের, ১৭ জুন পর্যন্ত স্বস্তিতে হকাররা
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- রেলের জমিতে বেআইনি দখলদার উচ্ছেদ মামলায় কলকাতা হাই কোর্ট অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল। বুধবার বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য জানান, আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদ করা যাবে না। একইসঙ্গে রেলের জমিতে উচ্ছেদ সংক্রান্ত সব মামলা একসঙ্গে শুনানির নির্দেশ দিয়েছে আদালত।
বিগত কয়েকদিন ধরে শিয়ালদহ, হাওড়া, দমদম-সহ রাজ্যের বিভিন্ন রেল স্টেশনে বেআইনি দখলদার সরাতে অভিযানে নামে আরপিএফ ও রেল পুলিশ। রবিবার রাতে যাদবপুর স্টেশনের ধারে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘাত বাধে। সিপিএমের স্থানীয় নেতা-কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজনা বাড়ে।
এরপর ক্ষতিগ্রস্ত হকাররা আদালতের দ্বারস্থ হন। বুধবার হকারদের আইনজীবী শামিম আহমেদ জরুরি ভিত্তিতে বিষয়টি বিচারপতির নজরে আনেন। আদালত মামলা করার অনুমতি দেয় এবং উচ্ছেদে স্থগিতাদেশ জারি করে। মামলার পরবর্তী শুনানি ১৭ জুন।
এর আগেও হাওড়া, কোন্নগর, ডানকুনি-সহ একাধিক জায়গায় হকার উচ্ছেদের নোটিসকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা হয়। এবার সেই সবকটি মামলা একসঙ্গে শুনবে কলকাতা হাই কোর্ট। আপাতত আদালতের নির্দেশে স্বস্তিতে হকাররা।
