Earthquake-Kolkata : মায়ানমারে কম্পন, কেঁপে উঠল তিলোত্তমা ……
কিউ ইন্ডিয়া বাংলা :- মঙ্গলবার রাতে আচমকাই ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা। রাত প্রায় ৯টা ৫ মিনিট নাগাদ কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয় কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। আচমকা এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। বহু মানুষ বাড়ি ও অফিস ছেড়ে বাইরে বেরিয়ে আসেন রাস্তায়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎসস্থল ছিল মায়ানমারের সিতওয়ে শহরের কাছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ এবং গভীরতা মাত্র ১০ কিলোমিটার। কম গভীরতার কারণেই এই ভূমিকম্পের প্রভাব তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভূমিকম্পের কেন্দ্রস্থল বাংলাদেশে কক্সবাজার থেকে প্রায় ২২০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে এবং সিতওয়ে থেকে আনুমানিক ১১০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
মায়ানমারের পাশাপাশি বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চল এবং উত্তর-পূর্ব ভারতের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় প্রায় ১৫ সেকেন্ড ধরে হালকা থেকে মাঝারি কম্পন টের পান মানুষজন। আতঙ্কে অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে পড়েন এবং প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন। কয়েকটি এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবাতেও বিঘ্ন ঘটে।
এখনও পর্যন্ত ভারত, বাংলাদেশ বা মায়ানমারে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির সরকারি খবর মেলেনি। প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দফতর পরিস্থিতির উপর নজর রাখছেন।
বিশেষজ্ঞদের মতে, ভারত–বাংলাদেশ–মায়ানমার ত্রিজংশন এলাকা ভূমিকম্প প্রবণ হওয়ায় এই ধরনের কম্পন নতুন নয়। তবে আফটার শকের সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
