আজকের দিনেগ্রীন রুম

এবারের পুজোয় দেবের মেগা ধামাকা, পর্দায় আসছে কোন ‘সিক্রেট’ প্রজেক্ট?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পুজোর বক্স অফিস চাঙ্গা করার মোক্ষম ‘টনিক’ কি তবে দেব? বিগত কয়েক বছরের রেকর্ড দেখলে এই প্রশ্ন একেবারেই অমূলক নয়। উৎসবের মরশুমে টলিউড সুপারস্টারের ছবির দাপটে বক্স অফিসে নাস্তানাবুদ হতে হয়েছে অন্য বহু ছবিকে। ২০২৬ সালের পুজোতেও যে তার ব্যতিক্রম হবে না, শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে পাশে নিয়ে ‘দেশু ৭’ (Deshu 7)-এর ঘোষণা করেই তার আভাস দিয়েছিলেন দেব। তবে এবার জানা গেল, ‘পিকচার আভি বাকি হ্যায়’! ছাব্বিশের পুজোয় শুধু ‘দেশু ৭’ নয়, ফের ডানা মেলতে চলেছে ‘প্রজাপতি’।

পরিচালক অভিজিৎ সেন নিজেই সিলমোহর দিয়ে জানিয়ে দিলেন, আগামী দুর্গাপুজোতেই আসতে চলেছে ‘প্রজাপতি’র তৃতীয় ফ্র্যাঞ্চাইজি।

‘প্রজাপতি ৩’-এর মেগা আপডেট

সম্প্রতি এক সিনেমার প্রিমিয়ারে হাজির ছিলেন টলিউডের সফল পরিচালক-প্রযোজক জুটি অভিজিৎ সেন ও অতনু রায়চৌধুরী। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পরিচালক হাসিমুখে ঘোষণা করেন, “হ্যাঁ, প্রজাপতি ৩ আসছে, সামনের দুর্গাপুজোয়।”

২০২৩ সালে দেব-মিঠুন জুটির ‘প্রজাপতি’ বক্স অফিসে ঝড় তুলেছিল। বাবা-ছেলের সম্পর্কের আবেগে ভেসেছিল দর্শক মহল, ছবিটির লক্ষ্মীলাভও হয়েছিল দেখার মতো। এরপর সিক্যুয়েলও দর্শকমহলের ভরপুর প্রশংসা কুড়ায়। এবার ছাব্বিশের পুজোয় সম্পর্কের সূক্ষ্ম সমীকরণ নিয়ে ‘প্রজাপতি ৩’ যে দর্শকদের হলমুখী করবে, তা নিয়ে আশাবাদী সিনেমহল।

দেবের বিপরীতে কি এবার ইধিকা?

পরিচালক ও প্রযোজকের সঙ্গে ওই অনুষ্ঠানে মধ্যমণি হিসেবে নজর কেড়েছেন অভিনেত্রী ইধিকা পাল। আর তার পর থেকেই জল্পনা তুঙ্গে— তবে কি ‘খাদান’-এর পর এবার ‘প্রজাপতি ৩’-এও দেবের নায়িকা হিসেবে দেখা যাবে ইধিকাকে? পরিচালকের শরীরী ভাষা ও ইঙ্গিতে কিন্তু সেই জল্পনাই আরও জোরালো হয়েছে। ফলে আগামী পুজোয় পর্দায় একদিকে যেমন শুভশ্রী গঙ্গোপাধ্যায় থাকবেন, তেমনই অন্যদিকে ‘খাদান কিশোরী’ ইধিকার সঙ্গেও রোম্যান্স করতে দেখা যেতে পারে সুপারস্টার দেবকে।

বক্স অফিস দখলের ‘মাস্টারস্ট্রোক’

ছাব্বিশের পুজোর মহারণে বাকিদের টেক্কা দিতে চলতি বছরের জানুয়ারি মাসেই বড় স্ট্র্যাটেজি খেলেছিলেন দেব। ছবি মুক্তির প্রায় ১০ মাস আগে থেকেই ‘দেশু ৭’-এর অগ্রিম বুকিং শুরু করে চমকে দিয়েছিলেন সবাইকে। এবার তার সঙ্গে যুক্ত হলো ‘প্রজাপতি ৩’। একই পুজোয় নিজের দুটি বড় ছবি নিয়ে হাজির হয়ে দেব যে বক্স অফিস একচেটিয়া কব্জা করার ব্লু-প্রিন্ট তৈরি করে ফেলেছেন, তা বলাই বাহুল্য। শারদীয়ার পর্দায় এই ডবল ধামাকা দেখতে এখন থেকেই উন্মাদনার পারদ চড়ছে দর্শকদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *