ভোটের ডিউটিতে এসে মৃত্যু সিআরপিএফ আধিকারিকের
কিউ ইন্ডিয়া বাংলা :- আর কিছুদিনের মধ্যেই ঘোষণা হয়ে যাবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট। রাজ্যে ইতিমধ্যে এসে গেছে কেন্দ্রীয় বাহিনী । আর ভোটের ডিউটি করতে এসে মৃত্যু এক কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকের। পূর্ব বর্ধমান জেলায় কর্তব্যরত অবস্থায় মৃত্যু হয় সিআরপিএফ আধিকারিক নগেন্দ্র সিংয়ের।
সূত্রের খবর, ওই সিআরপিএফ অধিকারী বিহারের বৈশালী জেলার সরাই থানা এলাকার বাসিন্দা । বিহারের জামুইয়ে সিআরপিএফের ২১৫ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন তিনি । পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্য পূর্ব বর্ধমানের ডিউটি পড়েছিল তার। সেখানেই ডিউটি করছিলেন তিনি। গতকাল রবিবার ১লা মার্চ ডিউটি চলাকালীন সন্ধ্যার দিকে হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি । ধীরে ধীরে ওই চেনা জওয়ানের শারীরিক অবস্থার অবনতি হয় । সহকর্মীরা তাকে তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার চিকিৎসা শুরু হয় । হাসপাতালে চিকিৎসকরা চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি । হাসপাতালেই মৃত্যু হয় কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক নগেন্দ্র সিং এর ।
স্থানীয় পুলিশ সূত্রের খবর, ওই সিআরপিএফ আধিকারিক নগেন্দ্র সিংয়ের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্ত শেষ হলে পরিবারকে দেহ দেওয়া হবে । রিপোর্ট এলেই তার মৃত্যুর আসল কারণ জানা যাবে। ইতিমধ্যে তার পরিবারকে খবর পাঠানো হয়েছে ।
