এআই সামিটের জন্য ভারতে এলেন সুন্দর পিচাই
কিউ ইন্ডিয়া বাংলা :- গুগলের সিইও সুন্দর পিচাই এআই সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারতে এলেন। সারা বিশ্বের নামিদামি ব্যক্তিত্বদের এই সম্মেলনে আমন্ত্রণ করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে । দিল্লির ভারত মন্ডপমে এই সম্মেলন আয়োজিত হচ্ছে । কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই প্রযুক্তিতে ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল । ওপেন এ আই এর কর্ণধার স্যাম অল্টম্যানের পর ভারতের প্রশংসা পঞ্চমুখ গুগল এর সিইও সুন্দর পিচাই । তিনি জানান এআই প্রযুক্তিতে ভারতের পাশে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ গুগল । গত সোমবার থেকে দিল্লিতে ” ইন্ডিয়া এ আই ইম্প্যাক্ট সামিট” এর মঞ্চে হাজির ছিলেন তিনি । গুগল সিইও বলেন ” এ আই আমাদের জীবনে সবচেয়ে বড় প্রযুক্তিগত পরিবর্তন গুলির একটি । এটি এমন একটি অস্ত্র, যা আন্তর্জাতিক স্তরে নানা সমস্যা সমাধান করতে এবং জীবন যাত্রার মান উন্নত করতে পারে । নানা রোগের চিকিৎসা থেকে শুরু করে শিক্ষার প্রসারের কাজ আরো সহজ হয়ে যাবে এই প্রযুক্তিতে” । তার অভিমত ভারতে এআই ব্যবহারের হার যথেষ্ট বেশি । তবে বেশ কিছু প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়েছে। তা কাটিয়ে উঠতে পারলেই নতুন সুযোগ তৈরি হবে ।
গতবছর বিশাখাপত্তনামে এআই হাব তৈরির ঘোষণা করেছে গুগল । এই প্রকল্পে ব্যয় হবে প্রায় ১৫০০ কোটি ডলার । এর পাশাপাশি এবার নতুন একটি ঘোষণা করলেন সুন্দর পিচাই। ইন্ডিয়া আমেরিকা কানেক্ট ইনিসিয়েটিভ নামে প্রকল্পের উদ্বোধন করে পিচাই জানান ভারত এবং আমেরিকার মধ্যে এ আই সংযোগ আরো শক্তিশালী করা হবে। পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণা উন্নত করতে 3 কোটি ডলারের প্রকল্প “এআই ফর সায়েন্স ইমপ্যাক্ট চ্যালেঞ্জ” ঘোষণা করা হয়েছে ।
আগামী ২০ ফেব্রুয়ারি দিল্লির ভারত মণ্ডপমে এআই সম্মেলনে সুন্দর পিচাই এর মূল বক্তব্য রাখার কথা রয়েছে । সেইদিন ভারতে এআই প্রযুক্তি নিয়ে আরো ঘোষণা করতে পারেন গুগল সিইও।
