পাক স্পিনার আব্রারকে দলে নেওয়ায় বিতর্ক ! কী বলল সানরাইজার্স কর্তৃপক্ষ ?
কিউ ইন্ডিয়া বাংলা: ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডের নিলামে পাকিস্তানের স্পিনার আব্রার আহমেদকে দলে নেওয়ার পর ভারতীয় সমর্থকদের সমালোচনার মুখে সানরাইজ়ার্স লিডস কর্তৃপক্ষ । অপারেশন সিঁদুর এর পরেও পাকিস্থানি ক্রিকেটারকে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি কেনায় দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে । এই বিতর্কের জবাব দেওয়া হয়েছে কাব্য মারানের দলের পক্ষ থেকে। প্রধান কোচ ড্যানিয়েল ভেত্তোরি বলেন, আব্রারকে নেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি ক্রিকেটের ভিত্তিতেই নেওয়া হয়েছে। নিলামের পরিস্থিতি ও দলের প্রয়োজন দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পিছনে কোনো আলাদা কারণ নেই।
গতকাল বৃহস্পতিবার নিলাম শেষে প্রধান কোচ ভেত্তোরি জানান, শুরুতে দলটি ইংল্যান্ডের জাতীয় দলের স্পিনার আদিল রশিদকে নেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু সাউদার্ন ব্রেভ তাকে কিনে নেওয়ার পরই দলকে দ্রুত অন্য বিদেশি স্পিনারের দিকে নজর দিতে হয়। তখন তারা আব্রার আহমেদকে কেনে। বিতর্ক সৃষ্টি হওয়ার পর কোচ ভেত্তোরি বলেন, সানরাইজ়ার্স ম্যানেজমেন্টের মধ্যে পাকিস্থানি ক্রিকেটার না নেওয়ার কোনও আলোচনা হয়নি।
সান গ্রুপের মালিকানাধীন দলটি গতকাল ১২ ই মার্চ বৃহস্পতিবার ২ লাখ ৫৫ হাজার মার্কিন ডলারে পাকিস্থানি এই বোলারকে কিনেছে। এই চুক্তির ফলে তিনি ইংল্যান্ডের এই টুর্নামেন্টে কোনও ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজ়িতে চুক্তিবদ্ধ হওয়া প্রথম পাকিস্তানি ক্রিকেটার। দেশ জুড়ে এই বিষয়টি নিয়ে অনেক ভক্তই সোশ্যাল মিডিয়ায় সানরাইজ়ার্সের মালিক কাব্য মারানের তীব্র সমালোচনা করেছেন । তাঁদের অভিযোগ, জাতীয় আবেগকে উপেক্ষা করে দলটি এই লেগ-স্পিনারকে দলে নিয়েছে।
বিতর্কের জেরে সানরাইজ়ার্স লিডসের অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্ট আপাতত স্থগিত রাখতে বাধ্য হয়েছে তারা । জুলাই এর তৃতীয় সপ্তাহ থেকে ইংল্যান্ডের এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে। এখন দেখার বিষয় এটাই বিতর্কের কারণে আব্রার আহমেদকে দল থেকে সরিয়ে দেয় কি না?
