আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

শিলিগুড়ির সিপি ও দার্জিলিংয়ের ডিএম-কে ডেপুটেশনে চাইল কেন্দ্র

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, শিলিগুড়ি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উত্তরবঙ্গ সফর ঘিরে তৈরি হওয়া বিতর্কের রেশ এবার পৌঁছাল প্রশাসনিক স্তরে। শিলিগুড়ির পুলিশ কমিশনার সি. সুধাকর এবং দার্জিলিংয়ের জেলাশাসক মণীশ মিশ্রকে এবার ডেপুটেশনে চাইল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, এই মর্মে ইতিমধ্যেই নবান্নের কাছে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। রাজ্য সরকার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা ও আলোচনা শুরু করেছে বলে জানা গিয়েছে।
​ঘটনার সূত্রপাত রাষ্ট্রপতির উত্তরবঙ্গ সফরের সময়। একটি বেসরকারি সংস্থার আয়োজিত আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে তিনি উত্তরবঙ্গে এসেছিলেন। সভার স্থান পরিবর্তন এবং প্রোটোকল লঙ্ঘন নিয়ে সেই সময় চরম বিতর্ক তৈরি হয়।  প্রথমে অনুষ্ঠানটি বিধাননগরে হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বাগডোগরা বিমানবন্দরের কাছে গোঁসাইপুরে তা সরিয়ে আনা হয়। গোঁসাইপুরের সভামঞ্চ থেকেই রাষ্ট্রপতি সরাসরি আক্ষেপ প্রকাশ করে বলেন, “বিধাননগরে অনুষ্ঠান হলে ভালো হতো, সেখানে অনেক জায়গা ছিল। রাজ্য প্রশাসন কেন এখানে সভার অনুমতি দিল না জানি না।” তিনি রসিকতা করে আরও যোগ করেন, “মমতা (মুখ্যমন্ত্রী) বোধহয় রাগ করেছেন।”
​রাষ্ট্রপতির এই মন্তব্যের পর রাজ্য ও জাতীয় রাজনীতিতে তোলপাড় শুরু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি নেতৃত্ব তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন। পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “ম্যাডাম, আপনাকে বিজেপি ব্যবহার করছে।” এই ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট তলব করেছিল।
রাষ্ট্রপতির নিরাপত্তা ও প্রোটোকল সংক্রান্ত বিষয়গুলি দেখভালের দায়িত্বে ছিলেন শিলিগুড়ির সি.পি ও দার্জিলিংয়ের ডি.এম। অনুষ্ঠানস্থল নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি ও রাষ্ট্রপতির অসন্তোষের কারণেই কি এই দুই পদস্থ আধিকারিককে ডেপুটেশনে চাওয়া হলো? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে প্রশাসনিক মহলে।
​এ বিষয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে প্রশ্ন করা হলে তিনি অত্যন্ত সতর্কভাবে উত্তর দেন। তিনি বলেন, “এ বিষয়ে যা বলার রাজ্য সরকারই বলবে।” নবান্ন সূত্রে খবর, কেন্দ্রের এই আবেদন নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। তবে তাঁদের ছাড়া হবে কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *