Collapses In Mumbai : মুম্বইয়ে ভেঙে পড়ল চারতলা বাড়ি, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ৭, নিখোঁজ আরও অনেকে !
কিউ ইন্ডিয়া বাংলা, মুম্বাই :- একটানা বৃষ্টির মধ্যেই মেরামতের কাজ চলছিল। তার মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মুম্বইয়ের কাছে পাওয়ারলুম টাউনের চারতলা কহিনুর ভবন। ধ্বংসস্তূপে চাপা পড়ে এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন আরও ৩-৪ জন। উদ্ধারকাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়।
বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ বালাজি নগরের কহিনুর ভবনটি আচমকাই ভেঙে পড়ে। স্থানীয় পুর প্রশাসন বহু আগেই বাড়িটিকে ‘বিপজ্জনক’ তকমা দিয়েছিল। প্রশ্ন উঠছে, বিপজ্জনক ঘোষণার পরেও কেন সেখানে বসবাস করছিলেন বাসিন্দারা?
প্রশাসনের তথ্য অনুযায়ী ভবনটিতে মোট ৪৮টি ঘর ছিল। প্রতিটি তলায় ১২টি করে ঘর। স্থানীয় বাসিন্দারা জানান, রাত ৯টা নাগাদ প্রথমবার বিকট শব্দে বাড়িটি কাঁপতে শুরু করে। তারপরই আতঙ্কে অনেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। রাত সাড়ে ১টা নাগাদ পুরো ভবনটিই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
প্রতিবেশীরাই প্রথমে উদ্ধারকাজে নামেন। হাত দিয়ে ইট-পাথর সরিয়ে কয়েকজনকে কোনওমতে ধ্বংসস্তূপ থেকে বের করে আনেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী NDRF এবং পুলিশ।
এখনও পর্যন্ত ৭ জনের দেহ উদ্ধার হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও ৩-৪ জন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজে নামানো হয়েছে দমকলের ৪টি ইঞ্জিন, ২টি অ্যাম্বুল্যান্স এবং ধ্বংসস্তূপ সরানোর ভারী মেশিন। একটানা বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলেও জানিয়েছে প্রশাসন।
বৃষ্টির মধ্যে পুরনো বিপজ্জনক বাড়িতে মেরামতের কাজই কাল হল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। কীভাবে বিপজ্জনক ঘোষণার পরও সেখানে বসবাস চলছিল, কাদের গাফিলতিতে এই দুর্ঘটনা — তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
