Chief Minister-Puja Grants : অনুদান থাকবে? বাড়বে না কমবে ? পুজো কমিটিগুলির সঙ্গে আজ বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- গত বছর ৪৫ হাজার পুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দিয়েছিল পূর্বতন সরকার। পালাবদলের পর বিজেপি সরকার সেই অনুদান চালু রাখবে কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে। সব জল্পনার অবসান হতে পারে আজ, সোমবার। বিকেল ৪টেয় মিলনমেলা প্রাঙ্গণে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তৃণমূল জমানায় প্রতি বছরই দুর্গাপুজোর অনুদানের অঙ্ক বেড়েছে। শুধু অনুদান নয়, বিদ্যুতের বিলে ছাড়-সহ একাধিক প্রশাসনিক সুবিধাও পেত কমিটিগুলি। নতুন সরকার ক্ষমতায় আসার পর এখনও এ নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। অনুদান থাকবে কি না, থাকলে অঙ্ক বাড়বে না কমবে, বা নতুন কোনও নীতি আসবে কি না — তা নিয়ে কৌতূহলী পুজো উদ্যোক্তারা।(Chief Minister-Puja Grants)
এরই মধ্যে সোমবারের বৈঠককে ঘিরে আশা বাড়ছে। ফোরাম ফর দুর্গোৎসবের সভাপতি সন্দীপন বন্দ্যোপাধ্যায় জানান, সপ্তাহ তিনেক আগে ফোরামের সম্পাদক অঞ্জন উকিলকে নিয়ে তিনি নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। পুরসভা, বিদ্যুৎ বিভাগ-সহ বিভিন্ন দফতর সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন তাঁরা। তখন মুখ্যমন্ত্রী সেপ্টেম্বরে বৈঠকের আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি মতোই আজকের বৈঠক।(Chief Minister-Puja Grants)
পুজো কমিটিগুলির মতে, সোমবারের বৈঠকেই অনুদান ও ছাড় সংক্রান্ত সরকারের অবস্থান স্পষ্ট হয়ে যাবে। দুর্গাপুজো নিয়ে নতুন সরকারের নীতি কী হয়, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।(Chief Minister-Puja Grants)
