CBI Raid : সাত সকালে ব্যবসায়ীর বাড়িতে হানা সিবিআই এর, হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ……
কিউ ইন্ডিয়া বাংলা:- হাজার কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় সাতসকালে দক্ষিণ কলকাতায় হানা দিল সিবিআই এর একটি তদন্তকারী দল। সূত্র মারফত খবর, প্রথমে আলিপুরের নিউ রো়ডে এক ব্যবসায়ীর বাড়িতে এবং অফিসে হানা দিয়ে কাউকে না পেয়ে পরে আলিপুরেরই আর একটি বাড়িতে গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। সেখানেই চলছে তল্লাশি ।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রে জানা গিয়েছে, এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার একটি মামলার তদন্তে এই অভিযান। তদন্তের স্বার্থে প্রথমে আলিপুরের নিউ রোডের একটি আবাসনে যান তদন্তকারী আধিকারিকরা। কিন্তু সেখানে অভিযুক্ত ব্যবসায়ীকে না পেয়ে আলিপুর অ্যাভিনিউয়ের একটি বাড়িতে গিয়েছেন তাঁরা। কলকাতার আরও একাধিক জায়গায় তল্লাশি চলছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত।
এক হাজার কোটি টাকা প্রতারণার এই মামলায় আগে সিবিআইয়ের পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সহ অন্য কেন্দ্রীয় সংস্থাগুলিও তদন্ত করেছে। আদালতে মামলাও চলেছে এই নিয়ে। পরে কোর্ট ওই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। যে অভিযোগটা উঠে আসছে, ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রায় ছ’বছর ধরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে কয়েক দফায় কোটি কোটি টাকা ঋণ নিয়ে নয়ছয় করা হয়েছে। প্রথমে ৭৩০ কোটি এবং পরে ২৬০ কোটি টাকা নেওয়া হয়। সব মিলিয়ে প্রায় ১০০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে মামলায় দুই ব্যবসায়ী ও দুই সংস্থার নাম এবং এক সরকারি কর্মচারির নাম জড়িয়েছে। তবে কোনো নাম এখনো প্রকাশ্যে আসেনি । আইপিসি ১২০(বি) ধারার পাশাপাশি দুর্নীতি দমন আইনেও মামলা দায়ের হয়েছে। সেই মামলার তদন্তে এ বার অভিযুক্ত ব্যবসায়ীর বাড়ি হানা দিল সিবিআই।
