জনগণনার ভয়ে পালাচ্ছে বাংলাদেশিরা, জনবিন্যাস বদল নিয়ে শঙ্কার সুর মুখ্যমন্ত্রী শুভেন্দুর গলায়
কিউ ইন্ডিয়া বাংলা : – অরক্ষিত আন্তর্জাতিক সীমান্তের কারণে রাজ্যের জনবিন্যাস অনেকটাই বদলে গিয়েছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই আবহে জনগণনা খুবই গুরুত্বপূর্ণ বলে জানালেন তিনি। আগামী ১ আগস্ট থেকে রাজ্যে শুরু হচ্ছে ডিজিটাল জনগণনা।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “সীমান্ত এলাকায় অনুপ্রবেশের জন্য জনবিন্যাস পালটে যাচ্ছে। জাতীয় নিরাপত্তার জন্য তৈরি হয়েছে বড়সড় চ্যালেঞ্জ।” বঙ্গপ্রচারে এসে বারবার এই ইস্যুতে সুর চড়িয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যেও উঠে এসেছে অনুপ্রবেশের কথা। রাজ্যে পালাবদলের পর দ্রুত সীমান্ত এলাকা সিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। বেআইনি অনুপ্রবেশ রুখতে কড়া আইন কার্যকর করেছে সরকার। নতুন আইনে স্পষ্ট বলা হয়েছে, অবৈধভাবে ভারতে থাকা বাংলাদেশিদের আর আদালতে তোলা হবে না। সোজা বিএসএফের হাতে তুলে দিয়ে বাংলাদেশে পুশ ব্যাক করা হবে।এরপর থেকেই হাকিমপুর-সহ একাধিক সীমান্তে দেখা যাচ্ছে অনুপ্রবেশকারীদের ভিড়। শুরু হয়েছে বাংলাদেশে ফিরে যাওয়ার হিড়িক। এই আবহেই আগামী ১ আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনার কাজ। এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে হবে জনগণনা।
জনগণনার আগে সীমান্তে কড়াকড়ি ও নতুন আইনের জেরে অনুপ্রবেশকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। প্রশাসনের দাবি, জনবিন্যাসের সঠিক ছবি পেতে এবং জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতেই জনগণনা জরুরি।
