আজকের দিনেভারত

অপারেশন সিঁদুরের বর্ষপূর্তিতে পাকিস্তানকে সেনাপ্রধানের হুঁশিয়ারি, “ঠিক করুক ভূগোল না ইতিহাসের অংশ হবে”

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- অপারেশন সিঁদুরের বর্ষপূর্তির পরেই পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শনিবার দিল্লিতে ‘সেনা সংবাদ’ অনুষ্ঠানে তিনি সাফ জানালেন, ইসলামাবাদ যদি ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ এবং সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া বন্ধ না করে, তা হলে তার পরিণাম ভালো হবে না। পাকিস্তানকেই ঠিক করতে হবে তারা আগামী দিনে ভূগোল না ইতিহাসের অংশ হয়ে থাকতে চায়।

অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, ‘যদি ফের গত বছরের মতো পরিস্থিতি তৈরি হয়, তা হলে ভারতীয় সেনা আরও কঠোর পদক্ষেপ করবে। আমি আগেও বলেছি, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী পরিকাঠামো ব্যবহার করা বন্ধ না করে, তবে তাদের অস্তিত্ব সঙ্কট হবে।’

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ২০২৫ জম্মু ও কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। পাকিস্তানকে দায়ী করে ৬ মে মধ্যরাতে প্রত্যাঘাত করে ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়। সেই অভিযানেরই নাম ছিল অপারেশন সিঁদুর। তার পরেই সীমান্তে সংঘর্ষ বাধে দুই দেশের মধ্যে। টানা চার দিন সংঘাত চলার পর ১০ মে সংঘর্ষবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ।জেনারেল দ্বিবেদী জানান, নীতি এবং প্রযুক্তির সম্মিলিত শক্তি দিয়ে সেনা লড়াই করেছিল বলেই অপারেশন সিঁদুর সফল হয়েছে। পাকিস্তানের কোনও নিরীহ সাধারণ নাগরিক যাতে ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত না হন, তা নিশ্চিত করা হয়েছিল। কেবল জঙ্গি এবং তাদের মাথারাই সেনার নিশানায় ছিল।

অপারেশন সিঁদুরের এক বছর পরেও পাকিস্তানকে নিয়ে ভারতের অবস্থান যে বিন্দুমাত্র নরম হয়নি, সেনাপ্রধানের বক্তব্যে তা স্পষ্ট। সন্ত্রাসে মদত বন্ধ না করলে ইসলামাবাদের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলে দিলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। কূটনৈতিক মহলের মতে, দিল্লির এই কড়া বার্তা আগামী দিনে সীমান্তপারের জন্য বড় চাপ তৈরি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *