অসুস্থ অভিনেতা, তদন্তে নামল সিনে সংগঠন
কিউ ইন্ডিয়া বাংলা, বিনোদন ডেস্ক: দক্ষিণী সুপারস্টার প্রভাসের আগামী মেগা প্রজেক্ট ‘ফৌজি’-র শুটিং সেটে ঘটল মারাত্মক বিপত্তি। বিষাক্ত মাকড়সা বা পোকার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন টলিউড ও বলিউডের জনপ্রিয় প্রবীণ অভিনেতা রাজেশ শর্মা। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা বেশ উদ্বেগজনক এবং তিনি চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিনোদন জগতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এবং শুটিং সেটের নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসেছে ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ ।
স্টুডিও সূত্রের খবর, হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে প্রভাসের সঙ্গে ‘ফৌজি’ সিনেমার শুটিং করছিলেন রাজেশ শর্মা। শট দেওয়ার পর বেশ কয়েকজন কলাকুশলীর সঙ্গে কথা বলার সময় আচমকা অভিনেতা বুঝতে পারেন যে তাঁর পায়ে কিছু একটা কামড়েছে। প্রথমে বিষয়টি সাধারণ মনে করে তিনি কোনো চিকিৎসকের পরামর্শ না নিয়েই কলকাতায় ফিরে আসেন। ঘটনার প্রায় ৬ ঘণ্টা পর অভিনেতার ডান পায়ে তীব্র সংক্রমণ (ইনফেকশন) ছড়িয়ে পড়ে এবং অসম্ভব ব্যথা শুরু হয়। সেই সঙ্গে প্রচণ্ড জ্বর ও তীব্র শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তড়িঘড়ি তাঁকে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, সংক্রমণ উত্তরোত্তর বাড়তে থাকায় অভিনেতা এখনও পুরোপুরি বিপন্মুক্ত নন। পরিচালক সুদীপা চট্টোপাধ্যায় প্রথম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতার এই অসুস্থতার খবর সামনে আনেন।
ক্ষুব্ধ সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন: একগুচ্ছ বিস্ফোরক প্রশ্ন
রাজেশ শর্মার এই অসুস্থতায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে সর্বভারতীয় সিনে সংগঠন AICWA। সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তা ইনস্টাগ্রামে একটি দীর্ঘ বিবৃতি জারি করে ‘ফৌজি’ সিনেমার নির্মাতাদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন:
১. সেটে বিষাক্ত পোকা বা মাকড়সা এল কীভাবে? সেখানে কি স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং নিরাপত্তার নিয়মগুলো সঠিকভাবে মেনে চলা হচ্ছিল না?
২. অভিনেতার শরীর খারাপ হওয়ার পরেও বা সেটে পোকা কামড়ানোর পর কেন তাঁকে তৎক্ষণাৎ হায়দরাবাদের কোনো শীর্ষস্থানীয় হাসপাতালে ভর্তি করা হলো না?
৩. শুটিং সেটে কি পর্যাপ্ত জরুরি চিকিৎসাব্যবস্থা বা প্রোটোকল মজুত ছিল না?
সংগঠনের সাফ কথা, সিনেমার বাজেট যেমনই হোক না কেন, শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রযোজনা সংস্থার আইনি দায়িত্ব।
তেলঙ্গনার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সংগঠন, চিকিৎসার খরচ দাবি
বিষয়টি হালকাভাবে না নিয়ে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন সরাসরি তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির দ্বারস্থ হয়েছে। সংগঠনের পক্ষ থেকে এই ঘটনার একটি উচ্চপর্যায়ের, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়েছে। তদন্তে নির্মাতাদের কোনো গাফিলতি ধরা পড়লে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আরজি জানানো হয়েছে। এর পাশাপাশি, রাজেশ শর্মার চিকিৎসার যাবতীয় খরচ যাতে ‘ফৌজি’ সিনেমার প্রযোজক বহন করেন, সেই দাবিও তুলেছে সংগঠনটি।
‘পরিণীতা’, ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘দ্য ডার্টি পিকচার’, ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ এবং ‘এম এস ধোনি’-র মতো অজস্র জনপ্রিয় সিনেমায় অভিনয় করা এই দাপুটে অভিনেতার অসুস্থতায় চিন্তিত টিনসেল টাউন। তবে এই গোটা বিতর্ক ও অভিযোগের বিষয়ে ‘ফৌজি’ সিনেমার নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
