ইন্টার কাশীর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ নামছে মোহনবাগান
কিউ ইন্ডিয়া বাংলা :- আই এস এল এর শেষ পর্বে এসে জমে উঠেছে চ্যাম্পিয়নশিপের লড়াই । শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল এবং তাদের পরেই দ্বিতীয় স্থানে মোহনবাগান। ম্যাচে নামার আগে কিছুটা খুশির খবর বাগান শিবিরের জন্য । পাঞ্জাব এফ সির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইস্টবেঙ্গল । যার কারণে ম্যাচে নামার আগে কিছুটা সুবিধাজনক জায়গায় সার্জিও লোবেরার দলের ।
মোহনবাগানের বিপক্ষে ম্যাচে নামার আগে অস্বস্তিকর পরিবেশ ইন্টার কাশী দলে। আচমকাই দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অ্যান্টোনিও লোপেজ হাবাস। সহকারি কোচ অভিজিৎ মন্ডল দলের দায়িত্ব সামলাবেন। তবে মোহনবাগানের হেড স্যার লোবেরা এইসব বিষয়কে পাত্তা দিতে নারাজ। তিনি প্রতিপক্ষকে হালকাভাবে নিতে চাইছেন না । ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে অভিষেক সূর্যবংশীকে নিয়ে আসেন সার্জিও লোবেরা। ইন্টার কাশীর বিরুদ্ধে ম্যাচের আগে খুব একটা আত্মবিশ্বাসী নন মোহনবাগান কোচ। লোবেরা বলেন, ‘আমি বিশ্বাস করি না যে ইন্টার কাশী সহজ প্রতিপক্ষ হবে। আমরা একটা ভালো দলের বিরুদ্ধে খেলতে নামব। এই মুহূর্তে আমরা নিজেদের সেরা ফর্মে নেই। তবে লক্ষ্য পূরণ করতে গেলে এই ম্যাচ জিততেই হবে।’ জয় ছাড়াও গোলের পার্থক্য নিয়ে ভাবছেন মোহনবাগানের কোচ। অন্তিম পর্বে গোল পার্থক্য চ্যাম্পিয়নশিপ এর ক্ষেত্রে অনেক কিছু নির্ধারণ করে দিতে পারে। সে কারণেই বাড়তি সতর্ক সবুজ মেরুন শিবির । মুম্বাই সিটি এফসি ও গোয়ার বিপক্ষে দুটি ম্যাচ মিলিয়ে ২৬ টি কর্নার পেলেও সেখানে থেকে গোল পেতে ব্যর্থ হয়েছিলেন বাগান ফুটবলাররা । বিষয়টি নজরে রয়েছে দলের কোচের। চোটের কারণে কয়েকটি ম্যাচে খেলতে পারেননি দলের গুরুত্বপূর্ণ ফুটবলার আপুইয়া। তবে ইন্টার কাশীর বিপক্ষে তিনি খেলতে পারেন।
মোহনবাগানের কাছে লিগের বাকি ম্যাচগুলি বর্তমানে ফাইনাল। সেখানে কোন ভুল করতে নারাজ বাগান কোচ। প্রত্যেকটি ম্যাচ জিতে তিনি দলকে চ্যাম্পিয়ন করতে চান। এবার দেখার অপেক্ষায় কোচের পরিকল্পনা কতটা সফল করতে পারেন দলের ফুটবলাররা।
