আদালত থেকে ইডি দফতর? হেফাজতে যেতে পারেন সুজিত বসু
কিউ ইন্ডিয়া বাংলা:- পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। সোমবার তাকে ম্যারাথন জেরার পরে তাঁকে গ্রেপ্তার করে ইডি। শারীরিক পরীক্ষার পর আজ, মঙ্গলবারই প্রাক্তন মন্ত্রীকে আদালতে তোলা হবে বলে খবর। আরো তথ্য পাওয়ার জন্য তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে দীর্ঘ জেরা করা প্রয়োজন মনে করছেন ইডি আধিকারিকরা। সেকারণে তারা আদালতে আবেদন করবেন বলে জানা গেছে।
গতকাল ১১ ই মে সোমবার দুপুরে ইডি অফিসে কাগজপত্র-সহ হাজির হয়েছিলেন বিধানগরের প্রাক্তন বিধায়ক। সন্ধে গড়িয়ে রাত নামলেও তিনি সিজিও কমপ্লেক্স থেকে বের হননি। প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জেরা করার পর ইডি গ্রেপ্তার করে সুজিত বসুকে। তদন্তে সাহায্য না করা, বয়ানে একাধিক অসঙ্গতি, তথ্য গোপনের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে সেই কথা প্রাথমিকভাবে জানানো হয়। তৃণমূলের হেভিওয়েট নেতার গ্রেপ্তারিতে কোনভাবে উত্তেজনা যাতে না ছড়ায়, সেজন্য নিরাপত্তায় বলয়ে মুড়ে ফেলা হয় সিজিও কমপ্লেক্স চত্বর। শারীরিক পরীক্ষা করার পর আজ ১২ ই মে মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।
পুর নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর যোগ নতুন নয়। আগেই ইডির রেডারে পড়েছিলেন তিনি। বাড়ি-অফিসে হানা দিয়ে কেন্দ্রীয় সংস্থা হাতিয়েছিল একাধিক নথি। অভিযোগ গুরুতর: মন্ত্রী থাকার সময় দক্ষিণ দমদম পুরসভায় শয়ে শয়ে বেআইনি চাকরি বিক্রি হয়েছে। আর গোটা চক্র চলেছে সুজিত বসুর সবুজ সংকেতেই।
