আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Matuagarh-Vote : মতুয়াগড়ে ইতিহাস ! ভোটদানে সর্বকালীন রেকর্ড, কার পালে হাওয়া ?

ভালোবাসা ছড়িয়ে দাও

সূত্রের খবর, মতুয়া অধ্যুষিত এই চারটি বিধানসভা কেন্দ্রে এ বার রেকর্ড পরিমাণ ভোট পড়েছে। এস আই আর-এর কোপে বিপুল সংখ্যক মতুয়া ভোটারের নাম বাদ যাওয়ার পরেও সেখানে ভোটদানের হার বেড়ে যাওয়ায়, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। ভোটদানের এই বিপুল হার দেখে শাসক ও বিরোধী, উভয় শিবির দাবি করছেন, তাঁরাই বেশি লাভবান হবেন। ভোটদানের নিরিখে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে মতুয়াগড় বলে পরিচিত বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা ও গাইঘাটা বিধানসভা কেন্দ্র। এই চার কেন্দ্রে গড়ে ভোট পড়েছে প্রায় ৯২ শতাংশ। বনগাঁ উত্তর কেন্দ্রে ভোট পড়েছে ৯২.৬১ শতাংশ। বনগাঁ দক্ষিণে ৯২.২৩ শতাংশ, গাইঘাটায় ৯৩.০৮ শতাংশ এবং বাগদায় ৮৯.৫১ শতাংশ ভোট পড়েছে। যদিও গত বিধানসভা ভোটে বনগাঁ উত্তরে ৮৪.২৬ শতাংশ, বনগাঁ দক্ষিণে ৮৭.৫ শতাংশ, বাগদায় ৮১.৪৭ শতাংশ এবং গাইঘাটায় ৮৮.৪৯ শতাংশ ভোট পড়েছিল। মতুয়াগড়ের প্রতিটি বিধানসভা কেন্দ্রে গড়ে ৬-৮ শতাংশ অতিরিক্ত ভোট পড়েছে। এই ভোট কার ঝুলিতে যাচ্ছে তৃনমূল ও বিজেপি উভয়ে রাজনৈতিক অঙ্ক কষা শুরু করেছে। বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি তথা বনগাঁ উত্তরের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন, ‘ এস আই আর নিয়ে মতুয়াদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ রয়েছে কমিশন ও বিজেপির বিরুদ্ধে। এস আই আর-এর কারণে অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। শুনানি কেন্দ্রে গিয়ে বহু মানুষ হয়রানির শিকার হয়েছেন। অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে। ভোট দিতে না পারার আক্ষেপও রয়েছে মানুষের মধ্যে। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে ইভিএমে। তার জন্যই এত সংখ্যক মানুষ ভোট দিতে বেরিয়েছেন।’ তাঁর দাবি, ‘এ বার মতুয়া ভোট তৃণমূলের দিকেই যাবে। তার ফলে বনগাঁয় তৃণমূল খুবই ভালো ফল করবে।’

বনগাঁর বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষের ব্যাখ্যা, ‘এত বছর ধরে তৃণমূলের দুষ্কৃতীদের ভয়ে মানুষ ভোট দিতে পারেননি। নির্বাচন কমিশন যে ভাবে ভোট পরিচালনা করেছে, তার জেরেই একটা বিপুল সংখ্যক মানুষ বাইরে বেরিয়ে ভোট দিয়েছেন। মতুয়ারা বিজেপির সঙ্গেই আছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *