বাণিজ্যিক রান্নার গ্যাসের দামের বিরাট বদল, কলকাতায় কত ?
কিউ ইন্ডিয়া বাংলা :- পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের পর্ব শেষ হতেই বাণিজ্যিক গ্যাসের দামে বিরাট মূল্যবৃদ্ধি। শহর কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লো ৯৯৪ টাকা। কলকাতায় আগে বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ২২০৮ টাকা । পরিবর্তিত দাম অনুযায়ী কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম দাঁড়ালো ৩২০২ টাকা । শুধু কলকাতায় নয়, দিল্লি ও মুম্বাইতে বাণিজ্যিক গ্যাসের দাম ৯৯৩ টাকা করে বেড়েছে । চেন্নাইয়ে বেড়েছেন ৯৯০ টাকা। আজ থেকে বর্ধিত দাম কার্যকর যদিও ঘরোয়া রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে।
ইরান যুদ্ধ ঘিরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা শুরু হয়েছিল। সেই পরিস্থিতিতে দেশে জ্বালানির দাম বাড়ানোর চাপ তৈরি হলেও, কেন্দ্রীয় সরকার আপাতত গৃহস্থালির LPG সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে বড় ধাক্কা খেয়েছে বাণিজ্যিক LPG ব্যবহারকারীরা। ১৯ কেজির বাণিজ্যিক LPG গ্যাস সিলিন্ডারের দাম গড়ে ৯৯৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
নতুন সংশোধিত দামে দিল্লিতে ১৯ কেজির কমার্শিয়াল LPG সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৩,০৭১.৫০ টাকা। আগে যা ছিল ২,০৭৮.৫০ টাকা। একইভাবে মুম্বইয়ে এই সিলিন্ডারের দাম ২,০৩১ টাকা থেকে বেড়ে হয়েছে ৩,০২৪ টাকা। ফেব্রুয়ারির শেষদিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিন দফায় কমার্শিয়াল LPG-র দাম বাড়ল এই নিয়ে । মার্চ মাসে প্রথমে ১৪৪ টাকা বৃদ্ধি করা হয়। এরপর ১ এপ্রিল আরও প্রায় ২০০ টাকা দাম বাড়ানো হয়। এবার মে মাসের প্রথম দিন কার্যকর হল নতুন বড়সড় বৃদ্ধি।
এই মূল্যবৃদ্ধির সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে রেস্তোরাঁ, হোটেল, খাবারের দোকান এবং ক্যাটারিং ব্যবসায়। কারণ, এই সমস্ত ক্ষেত্রেই প্রতিদিন রান্নার কাজে কমার্শিয়াল LPG ব্যবহৃত হয়। ব্যবসায়ীদের একাংশের আশঙ্কা, বাড়তি খরচ সামলাতে শেষ পর্যন্ত খাবারের দাম বাড়াতে হতে পারে। ফলে বাইরে খাওয়া কিংবা ফুড ডেলিভারির খরচও সাধারণ মানুষের জন্য আরও বাড়ার সম্ভাবনা।
