রাজ্যে গণনাকেন্দ্র কমে ৭৭, আইকার্ডে থাকছে QR কোড
কিউ ইন্ডিয়া বাংলা:- স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে রেকর্ড ভোট পড়েছে এবারের বিধানসভা নির্বাচনে । এর পর গণনার কাজেও নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে মরিয়া নির্বাচন কমিশন। ভোট শেষের পরে স্ট্রংরুমগুলিতে যাতে নিরাপদে বা যথাযথ সুরক্ষায় ইভিএম সংরক্ষিত রাখা যায় সে কারণেই জেলা সদরের বাইরে যতটা সম্ভব কম গণনাকেন্দ্র তৈরির পরিকল্পনা করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। তবে পশ্চিমবঙ্গের ভূ প্রাকৃতিক বৈচিত্র বিচার করে ২৩ জেলার জেলা সদরগুলিতে ৩৫টি গণনাকেন্দ্র এবং মহকুমা স্তরে ৪২টি গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে। অর্থাৎ রাজ্যে মোট গণনা কেন্দ্রের সংখ্যা ৭৭। বিগত ২০২১ সালে বিধানসভা নির্বাচনে ১০৮টি গণনা কেন্দ্র ছিল।
সূত্রের খবর, কমিশনের সুপারিশ মেনে এ বারের নির্বাচনে প্রাথমিকভাবে ৮৭টি গণনাকেন্দ্রের প্রস্তাব দেওয়া হয় সিইও দপ্তর এর তরফ থেকে। কিন্তু নিরাপত্তা ও স্বচ্ছতার নিরিখে কমিশনের প্রস্তাব মেনেই শেষ পর্যন্ত গত সপ্তাহে একুশের বিধানসভা নির্বাচনের থেকে ৩১টি কমিয়ে ২০২৬-এর নির্বাচনে গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে ৭৭টি। সবচেয়ে বেশি গণনাকেন্দ্র রয়েছে ৩৩ বিধানসভা কেন্দ্রের উত্তর ২৪ পরগনায়- ৭টি। দক্ষিণ ২৪ পরগনায় গণনাকেন্দ্র রয়েছে ৬ টি। কোচবিহার হুগলি এবং মুর্শিদাবাদ জেলার বিধানসভা গুলির জন্য গণনা কেন্দ্র রয়েছে পাঁচটি। চারটি করে গণনা কেন্দ্র রয়েছে হাওড়া, কলকাতা দক্ষিণ, নদীয়া, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলায় । বাঁকুড়া, বীরভূম , দার্জিলিং পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায় তিনটি করে গণনা কেন্দ্র রয়েছে। আলিপুরদুয়ারে পাঁচটি বিধানসভা কেন্দ্রের জন্য একটি গণনা কেন্দ্র আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়, ঝাড়গ্রামে একটি গণনা কেন্দ্র ঝাড়গ্রাম রাজ কলেজ, কালিম্পংয়েও একটি গণনাকেন্দ্র স্কটিশ ইউনিভার্সিটি মিশন এবং কলকাতা উত্তরে সাতটি বিধানসভা কেন্দ্রের জন্য গণনাকেন্দ্র শুধুমাত্র নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। ২টি করে গণনা কেন্দ্র রয়েছে অর্থাৎ একটি জেলা সদরে এবং একটি মহকুমাস্তরে এরকম জেলাগুলি হলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, মালদা এবং পশ্চিম বর্ধমান।
আগামী ৪মে সোমবার সকাল আটটা থেকে গণনার কাজ শুরু হবে। এবার নতুনত্ব হিসেবে গণনা কেন্দ্রে ঢোকার জন্য QR কোড-সহ পরিচয় পত্রের ব্যবস্থা করা হয়েছে। কমিশনের গাইডলাইন অনুযায়ী গণনা কেন্দ্রের ভিতরে একবার ঢুকে গেলে আর বেরনো যাবে না। গণনা কেন্দ্রের ভিতরে ঢোকার সময়ে কাউন্টিং এজেন্টরা কেবলমাত্র ১৭সি ফর্ম,পেন ও সাদা কাগজ সঙ্গে রাখতে পারবেন। বাইরের কোনও জিনিস নিয়ে গণনা কেন্দ্রের ভিতরে প্রবেশ করা যাবে না|
