বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা ও আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীরের গাড়ি ভাঙচুর
কিউ ইন্ডিয়া বাংলা,আসানসোল: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বৃহস্পতিবার বেলা বাড়ার সাথে সাথে রণক্ষেত্রের চেহারা নিল একাধিক নির্বাচনী কেন্দ্র। আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল এবং মুর্শিদাবাদের নওদার ‘আম জনতা উন্নয়ন পার্টি’র প্রার্থী হুমায়ুন কবীরের গাড়ি ভাঙচুরের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। দুই প্রার্থীই এই হামলার পেছনে শাসকদল তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন।
বার্নপুরে আক্রান্ত অগ্নিমিত্রা পল
বৃহস্পতিবার দুপুরে আসানসোল দক্ষিণের বার্নপুর রহমত নগর এলাকায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের গাড়ির ওপর হামলা চালানো হয়। অগ্নিমিত্রার দাবি, বুথ পরিদর্শন সেরে রহমত নগর হাইস্কুল থেকে বেরোনোর সময়ই একদল দুষ্কৃতী তাঁর চলন্ত গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে।
-
প্রার্থীর বয়ান: অগ্নিমিত্রা বলেন, “আমি রহমত নগরে পর্যবেক্ষণ করতে গিয়েছিলাম। হাইস্কুল থেকে বেরিয়ে যেই গাড়িতে উঠলাম, অমনি পাথর বৃষ্টি শুরু হলো। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গাড়ির পিছনের কাচ লক্ষ্য করে পাথর মেরেছে। সাংবাদিকদের গাড়িতেও পাথর পড়েছে।”
-
থানায় বিক্ষোভ: এই ঘটনার পরই সরাসরি থানায় পৌঁছে যান অগ্নিমিত্রা পল। তিনি স্পষ্ট জানান, এই ধরনের হামলা করে তাঁকে ভয় দেখানো যাবে না।
উল্লেখ্য, এদিন সকালেই রানিগঞ্জের নিমচা ফাঁড়ির আইসি নাসরিন সুলতানার সঙ্গে বাদানুবাদে জড়িয়েছিলেন অগ্নিমিত্রা। প্রার্থীর সঙ্গে কতগুলি গাড়ি থাকবে, তা নিয়ে পুলিশের সঙ্গে তাঁর তীব্র বচসা হয়। সেই তিক্ততার রেশ কাটতে না কাটতেই এই হামলার ঘটনা ঘটল।
মুর্শিদাবাদ: নওদায় হামলার মুখে হুমায়ুন কবীর
অন্যদিকে, মুর্শিদাবাদের শিবনগর এলাকায় আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা তথা নওদার প্রার্থী হুমায়ুন কবীরের গাড়ি ভাঙচুর করা হয়। অভিযোগ অনুযায়ী, বুথ পরিদর্শনে যাওয়ার সময় তৃণমূল কর্মীদের সঙ্গে তাঁর অনুগামীদের সংঘর্ষ বাধে।
-
গাড়ি ভাঙচুর: বিক্ষোভের জেরে হুমায়ুন কবীরের গাড়ির কাচ সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়। তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয় বলেও অভিযোগ।
-
পুলিশের লাঠিচার্জ: পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে হয়। ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। নির্বাচন কমিশন এই ঘটনার রিপোর্ট তলব করেছে।
